সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৩
সুনির্মল সেন, সিনিয়র রিপোর্টার :
আজ (বুধবার) সিলেট থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনি প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করে নগরীর আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে সিলেটে উজ্জীবিত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জননেত্রীর আগমনকে ঘিরে সিলেটজুড়ে বইছে উৎসবের আমেজ। তোরণ, ব্যানার-ফেস্টুনে সেজেছে সিলেট নগরী।
স্বাধীনতার পর থেকে দেশের রাজনীতিতে সিলেটকে নিয়ে এক ধরনের ‘মিথ’ তৈরি হয়েছে। সিলেট-১ আসনে যে দল বিজয়ী হয় সেই দলই সরকার গঠন করে। সাধারণ মানুষ মনে করে, হজরত শাহজালালসহ ৩৬০ আউলিয়ার স্মৃতি বিজড়িত পুণ্যভূমির এ আসনটি সব দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত রাজনৈতিক দলের প্রধানরা সিলেটের হজরত শাহজালাল (রহ.) এবং হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে ঐতিহ্যবাহী আলিয়া মাদরাসা মাঠে জনসভার মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করেন। এবারও আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ধারা বজায় রাখছেন। আলিয়া মাদরাসা মাঠে নৌকার আদলে তৈরি করা হচ্ছে জনসভামঞ্চ। এরমধ্যে সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক কয়েকদিন আগে সিলেট গিয়ে বিশেষ বর্ধিত সভা করেছেন। তিনি এ বিভাগের ১৯ আসনের নৌকার প্রার্থীদের বিশেষ নির্দেশনা দিয়েছেন। সিলেট জনসভা জনসমুদ্রে রূপ নেবে বলে জানান আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য।
এ প্রসঙ্গে নানক বলেন, পুণ্যভূমি সিলেট থেকে আওয়ামী লীগের নির্বাচনি জনসভা শুরু হবে। এ জনসভাকে ঘিরে এ বিভাগের মানুষের মধ্যে অন্যরকম উৎসাহ সৃষ্টি হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে সিলেট পৌঁছে মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর স্থানীয় নেতাদের সঙ্গে কুশল বিনিয়ম করবেন। এরপর জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সরকারি আলিয়া মাদরাসা মাঠে দলীয় জনসভায় যোগ দেবেন সভানেত্রী।
সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে সিলেটবাসী বরণ করে নিতে প্রস্তুত। সিলেট থেকেই শুরু হবে সারা দেশে নৌকার পক্ষে গণজোয়ার। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দিয়ে যাবেন, সেই নির্দেশনাই আমরা পালন করতে প্রস্তুত।
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, আলিয়া মাদরাসা মাঠ প্রধানমন্ত্রীর জনসভা স্মরণকালের বৃহৎ জনসমাবেশ করার প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভাগের প্রতিটি জেলা-উপজেলা থেকে দলীয় নেতাকর্মীরা এসে উপস্থিত হবেন।
সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমেদ বলেন, জনসভায় অন্তত ১০ লাখ মানুষের সমাগম ঘটবে বলে আশা করছি। কারণ সামনের নির্বাচন অনেক চ্যালেঞ্জিং। সেই নির্বাচনি বার্তা পেতে তৃণমূলের সব নেতারা সিলেট শহরে আসবেন নেত্রীর কথা শোনার জন্য। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ২২ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদের নির্বাচনি প্রচারণা শুরু করেছিলেন সিলেট থেকে।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি