সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, মে ১৬, ২০২৪
সুরমামেইল ডেস্ক :
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২১ মে অনুষ্ঠিত হওয়ার কথা মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচন। কিন্তু চেয়ারম্যান প্রার্থী মো. তাজুল ইসলাম তাজের প্রার্থিতার বিরুদ্ধে নির্বাচন কমিশনের করা আপিল শুনানির পর হাইকোর্টের আপিল বিভাগ ৭ দিন পিছিয়ে দিয়েছেন নির্বাচন। সেই সঙ্গে এ সময়ের মধ্যে মো. তাজুল ইসলাম তাজের মনোনয়নপত্রের বৈধতা নিয়ে জারি করা রুল নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।
বৃহস্পতিবার (১৬ মে) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৮ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম তাজের প্রার্থিতার বিপক্ষে চেম্বার জজ আদালতে আপিল করেন নির্বাচন কমিশন। বুধবার (১৫ মে) সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতের বিচারপতি এম এনায়েত রহিমের একক বেঞ্চে আপিল শুনানি হয়। শুনানি শেষে বিচারপতি আপিলটি যৌথ বেঞ্চে পাঠিয়ে বৃহস্পতিবার আদেশের তারিখ ধার্য করেন।
উল্লেখ্য, গত ২৮ এপ্রিল চেয়ারম্যান প্রার্থী মো. তাজুল ইসলাম তাজের মনোনয়নপত্র আপিল শুনানিতে বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও আপিল কর্তৃপক্ষ ড. উর্মি বিনতে সালাম। এরপর তিনি মনোনয়নপত্র ফিরে পেতে উচ্চ আদালতে রিট আবেদন করেন।
গত ৯ মে চেয়ারম্যান প্রার্থী মো. তাজুল ইসলাম তাজের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন হাইকোর্ট। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করে নির্বাচন কমিশন।
(সুরমামেইল/এমবিএন)
Design and developed by ওয়েব হোম বিডি