সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজার থেকে অপহৃত ব্যক্তি সিলেট নগরী থেকে উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এছাড়া অপহরণ চক্রের মূলহোতা কামালকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (০১ জানুয়ারি) জালালাবাদ থানাধীন এলাকা থেকে উদ্ধার ও গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (০২ জানুয়ারি) রাতে র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো: মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়- সদ্য বিদায়ী বছরের গত ৩১ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় ভিকটিম আজিজুল ইসলাম নামক এক ব্যক্তি তার মুদির দোকানে যাওয়ার পথে অজ্ঞাতনামা অপহরণকারী তাকে অপহরণ করে। পরে ওইদিন বিকাল ৪টার দিকে অজ্ঞাত মোবাইল নাম্বার থেকে ভিকটিমের স্ত্রীর মোবাইল নাম্বারে কল করে জহির পরিচয় দিয়ে তার নিকট ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।
এর পরদিন বুধবার (১ জানুয়ারি) ভিকটিমের স্ত্রী মোছাঃ সেবিন আক্তার লাভলী মৌলভীবাজারের কুলাউড়া থানায় একটি সাধারন ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে একই দিন ভিকটিমের স্ত্রী বাদী হয়ে কুলাউড়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। থানার মামলা নং-০৩, তারিখ-০২ জানুয়ারী ২০২৫ খ্রিঃ।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি’র একটি আভিযানিক দল বুধবার রাত সাড়ে ৯টায় সিলেট নগরীর পূর্ব সুবিদবাজার এলাকায় অভিযান চালিয়ে ভিকটিম আজিজুল ইসলামকে উদ্ধার ও অপহরণ চক্রের মূলহোতাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামি- কামাল আহমেদ (৩৭) মৌলভীবাজারের বড়লেখা থানাধীন সুজানগর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত ভিকটিম এবং গ্রেপ্তারকৃত আসামীকে মৌলভীবাজারের কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি