সিলেট ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৬
হবিগঞ্জ প্রতিনিধি:
জেলার চুনারুঘাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে উপজেলার শানখলা ইউনিয়নের দক্ষিণ গোড়ামী (মির্জাপুর) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দক্ষিণ গোড়ামী (মির্জাপুর) গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ মিয়া ও আজিদ মিয়া। তারা আপন দুই সহোদর ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে জমিতে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ মিয়া ও আজিদ মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই ভাইয়ের স্বজনদের আহাজারিতে গ্রামের পরিবেশ ভারী হয়ে ওঠে।
চুনারুঘাট থানার ওসি সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। মরদেহের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
(সুরমামেইল/এমএকে)
Design and developed by ওয়েব হোম বিডি