মণিপুরী রাসোৎসবের প্রস্তুতি চূড়ান্ত, মাধবপুর জোড়ামণ্ডপে সাজ সাজ রব

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৬

মণিপুরী রাসোৎসবের প্রস্তুতি চূড়ান্ত, মাধবপুর জোড়ামণ্ডপে সাজ সাজ রব

Manual6 Ad Code

হাবিব সরোয়ার আজাদ:
মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব মহারাসলীলার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর শিববাজার জোড়ামণ্ডপে আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী ১৮৪তম রাসপূর্ণিমা মহোৎসব। উৎসব ঘিরে পুরো এলাকায় এখন সাজ সাজ রব।

 

১৮৪২ সালে শুরু হওয়া এ রাসোৎসব প্রায় পৌনে দুই শতাব্দীর ঐতিহ্য বহন করছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এ আয়োজন মণিপুরী সম্প্রদায়ের ধর্মীয় সাধনা, ভক্তি ও সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। উৎসব উপলক্ষে কমলগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আঞ্চলিক ছুটি ঘোষণার কথাও রয়েছে।

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

জীবাত্মা-পরমাত্মার প্রেমমিলনের প্রতীক রাসলীলা
শ্রীমদ্ভাগবতের ‘রাসপঞ্চাধ্যায়’ অবলম্বনে মহারাসলীলার মূল দর্শন জীবাত্মার সঙ্গে পরমাত্মা শ্রীকৃষ্ণের নিষ্কাম প্রেম ও ভক্তিময় মিলন। মণিপুরের মহারাজা ভাগ্যচন্দ্র সিংহ ১৭৭৯ সালে স্বপ্নাদিষ্ট হয়ে শ্রীগোবিন্দজির বিগ্রহ প্রতিষ্ঠা করেন এবং কন্যা বিম্বাবতীকে শ্রীরাধার ভূমিকায় অবতীর্ণ করে মহারাসলীলার প্রবর্তন করেন। সেই ঐতিহ্য আজও মণিপুরী সমাজে নিষ্ঠার সঙ্গে অনুসৃত হচ্ছে।

 

Manual1 Ad Code

রাসোৎসবের দিনের পর্বে গোষ্ঠলীলা বা রাখালনৃত্যে ফুটে ওঠে শ্রীকৃষ্ণের বাল্যকালের সখ্য ও বাৎসল্য রস। আর মধ্যরাতের মহারাসলীলায় কৃষ্ণের অন্তর্ধান, গোপীদের বিরহ-অন্বেষণ ও পুনর্মিলনের মধ্য দিয়ে প্রকাশিত হয় প্রেম ও ভক্তির অনন্য আধ্যাত্মিক ব্যঞ্জনা।

Manual8 Ad Code

 

উৎসবের প্রায় এক মাস আগে থেকেই গুরুর (অজা) তত্ত্বাবধানে শিল্পীদের প্রস্তুতি ও ব্রতপালন শুরু হয়। মৃদঙ্গ, খোল, করতাল, শঙ্খধ্বনি ও পদাবলি গানের সমন্বয়ে রাসলীলার পরিবেশ হয়ে ওঠে ভাবগম্ভীর ও মুগ্ধকর।

 

রবীন্দ্রনাথের হাত ধরে বিশ্বমঞ্চে মণিপুরী নৃত্য
মণিপুরী রাসনৃত্যের অনন্য শৈল্পিক সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও। ১৯১৯ সালে সিলেটের মাছিমপুরে মণিপুরী মেয়েদের রাসনৃত্য দেখে তিনি আকৃষ্ট হন। পরে কমলগঞ্জের নৃত্যশিক্ষক নীলেশ্বর মুখার্জীকে শান্তিনিকেতনে নিয়ে গিয়ে মণিপুরী নৃত্যশিক্ষা প্রবর্তনে ভূমিকা রাখেন। এর মধ্য দিয়ে মণিপুরী নৃত্যকলা বিশ্বদরবারে বিশেষ পরিচিতি লাভ করে।

 

২৪ নভেম্বর মহারাসলীলা
মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের আয়োজনে আগামী ২৪ নভেম্বর মঙ্গলবার কার্তিক পূর্ণিমা উপলক্ষে মাধবপুর শিববাজার জোড়ামণ্ডপ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে মহোৎসব। অনুষ্ঠানের সূচি অনুযায়ী—

 

গোষ্ঠলীলা বা রাখালনৃত্য: বেলা ১১টা ৩০ মিনিট থেকে গোধূলি পর্যন্ত, মণিপুরী ললিতকলা একাডেমী মাঠে।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান: সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত।
মহারাসলীলা: রাত ১১টা থেকে পরদিন ব্রাহ্মমুহূর্ত পর্যন্ত জোড়ামণ্ডপের ত্রিমণ্ডপে অনুষ্ঠিত হবে মূল রাসনৃত্য।

 

মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের পক্ষ থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ভক্ত, দর্শনার্থী ও পুণ্যার্থীকে মহোৎসবে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। ঐতিহ্য, ভক্তি ও সংস্কৃতির এই মহামিলনমেলায় শ্রীকৃষ্ণের লীলামাধুর্যে অবগাহনের অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দা ও মণিপুরী সম্প্রদায়ের মানুষ।

 

(সুরমামেইল/এফএ/এইচএসএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code