সিলেট ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৬
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে সাবেক স্ত্রীর গোপন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের অভিযোগে মো. খালিদ পারভেজ (২৭) নামে এক যুবককে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) এসআরবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার খালিদ পারভেজ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জনগাঁও এলাকার আমজাদ হোসেন ঝন্টুর ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ ২০২৬ তারিখে ওই নারীর সঙ্গে খালিদ পারভেজের বিয়ে হয়। বিয়ের পর তারা স্বামী-স্ত্রী হিসেবে বিভিন্ন স্থানে ঘোরাফেরা ও একসঙ্গে সময় কাটান। পরবর্তীতে গত ১৬ জুন খালিদ ওই নারীকে তালাক দেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ রয়েছে, তালাকের পর খালিদ ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় দাম্পত্য জীবনের গোপন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের হুমকি দেন। পরে গত ১৯ জুন সকাল ১০টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে ওই নারীর ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশ করেন বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী নারী ঠাকুরগাঁও সদর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এসআরবি জানায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-১৩, রংপুর এবং সিপিসি-২, এসআরবি-৩, মগবাজারের যৌথ আভিযানিক দল ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
(সুরমামেইল/এমআই)
Design and developed by ওয়েব হোম বিডি