সিলেটে কৃষিকার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রশ্ন, ভোগান্তিতে কৃষকেরা

প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৬

সিলেটে কৃষিকার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রশ্ন, ভোগান্তিতে কৃষকেরা

Manual4 Ad Code

আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ:
কৃষিকার্ডের তথ্য সংগ্রহ করা হবে- এমন ঘোষণা শুনে কাজ বাদ দিয়ে নির্ধারিত স্থানে হাজির হয়েছিলেন অনেকে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গে নিয়ে সকাল থেকে দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেকে তথ্য দিতে পারেননি। শেষ পর্যন্ত বাড়ি ফিরে যেতে হয় তাঁদের। এ ঘটনায় ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে কৃষকদের মধ্যে।

Manual7 Ad Code

 

সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে গত ১৭ নভেম্বর কৃষি শুমারির তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়। এক দিনেই ১২৭ জনের তথ্য সংগ্রহ করা হলেও এরপর কার্যক্রম বন্ধ থাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। তথ্য সংগ্রহের পদ্ধতি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, চেয়ারম্যান প্রার্থী ও কৃষি কর্মকর্তাদের মধ্যে চলছে পাল্টাপাল্টি অভিযোগ।

 

স্থানীয় সূত্র ও কৃষি অফিস সূত্রে জানা যায়, জকিগঞ্জ উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা ও সুলতানপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রুবেল আহমদের নেতৃত্বে চার সদস্যের একটি দল ওই দিন তথ্য সংগ্রহের উদ্যোগ নেয়। স্থানীয় ইউপি সদস্য শামীম আহমদের মাধ্যমে ওয়ার্ডের ছয়টি স্থানে মসজিদে মাইকিং করে কৃষকদের জাতীয় পরিচয়পত্র নিয়ে উপস্থিত থাকতে বলা হয়। তথ্য সংগ্রহের জন্য মজলী গ্রামের সেলিম আহমদ ও মুজাম্মিল আলীর বাড়ি, সিরাজপাড়া গ্রামের হাজী নজিব আলী (ফুরুক) মেম্বারের বাড়ি, সকড়া গ্রামের কমর উদ্দিনের বাড়ি, মাঝবন্দ গ্রামের এখলাছুর রহমানের বাড়ি এবং ব্রাহ্মণগ্রামের একটি দোকান নির্ধারণ করা হয়।

 

ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে শত শত নারী-পুরুষ এসব স্থানে উপস্থিত হন। স্থানীয়দের অভিযোগ, সকাল থেকে অপেক্ষা করেও অধিকাংশ স্থানে কর্মকর্তাদের দেখা পাননি তাঁরা। দুপুর ২টা পর্যন্ত অপেক্ষা করে অনেকে ফিরে যান। এক-দুইটি স্থানে তথ্য সংগ্রহ করা হলেও সেদিন মোট ১২৭ জনের তথ্য নেওয়া হয় বলে স্থানীয় ও কৃষি অফিস সূত্রে জানা গেছে। এরপর এক সপ্তাহ পেরিয়ে গেলেও ওই ওয়ার্ডে আর তথ্য সংগ্রহ না হওয়ায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

 

তথ্য দিতে না পেরে ফিরে আসা এক নারী বলেন, ‘আমার স্বামী দিনমজুর। কৃষিকার্ডের তথ্য নেওয়া হবে শুনে তিনি সেদিন কাজে যাননি। আমিও তাঁর সঙ্গে ছিলাম। সকালে নাশতা করে বের হয়ে সারাদিন অপেক্ষা করেছি। পরে বিকেলে তথ্য দিতে না পেরে বাড়ি ফিরেছি।’

 

স্থানীয় ইউপি সদস্য শামীম আহমদ বলেন, উপসহকারী কৃষি কর্মকর্তা রুবেল আহমদ তাঁকে ফোন করে ছয়টি স্থান নির্ধারণ ও মাইকিং করতে বলেন। তাঁর নির্দেশনা অনুযায়ী স্থান নির্ধারণ ও প্রচার করা হয়। কিন্তু সেদিন অনেক মানুষ উপস্থিত হলেও তথ্য সংগ্রহের কাজ যথাযথভাবে না হওয়ায় মানুষের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

Manual1 Ad Code

 

কৃষি শুমারির তথ্য সংগ্রহের পদ্ধতি নিয়ে আপত্তি তোলেন সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাসান আহমদ। তাঁর বিরুদ্ধে শুমারির কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠলেও তিনি তা অস্বীকার করেন। হাসান আহমদের দাবি, ইউনিয়নের সবচেয়ে জনবহুল ৯ নং ওয়ার্ডে মাত্র ছয়টি বাড়িতে বসে তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়। তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে তিনি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের পরামর্শ দিয়েছিলেন। কৃষি কর্মকর্তা নিজেই তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন বলেও দাবি করেন তিনি।

 

হাসান আহমদ বলেন, ‘জনগণের সুবিধা এবং সরকারের ভাবমূর্তি বিবেচনায় নির্ভুলভাবে তথ্য সংগ্রহের জন্য সচেতন মহলের সহযোগিতা নেওয়ার পরামর্শ দিয়েছি। কিন্তু আমার বিরুদ্ধে ভুল তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। জামায়াত নেতা দেলোয়ার হোসেন লস্করও এ বিষয়ে মানুষের মধ্যে ভুল বার্তা দিচ্ছেন।’ তিনি আরও বলেন, কৃষি শুমারিতে নারী ও পরিবারের পুরুষ সদস্যদের ছবি তোলার বিষয় থাকায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা প্রয়োজন। এক জায়গায় বসে তথ্য সংগ্রহ করা হলে ভবিষ্যতে এনআইডি ও জন্মনিবন্ধনের মতো কৃষিকার্ডেও ভোগান্তিতে পড়তে পারেন বলে তাঁর আশঙ্কা।

 

তবে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন লস্কর বলেন, এ বিষয়ে তিনি কাউকে কিছু বলেননি। শুমারির দিন জরুরি কাজে অন্য একটি উপজেলায় ছিলেন বলেও দাবি করেন তিনি।

 

অন্যদিকে, উপসহকারী কৃষি কর্মকর্তা রুবেল আহমদ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হাসান আহমদ তাঁর ইউনিয়নে কৃষি শুমারি করার জন্য বলছিলেন। শুমারি করতে গেলে তাঁকে বাবুর বাজারের মডার্ন মেডিকেল সার্ভিসের অফিসে নিয়ে বিভিন্ন নেতা-কর্মীর উপস্থিতিতে আলোচনা করা হয়। একপর্যায়ে তাঁর সঙ্গে কুরুচিপূর্ণ আচরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

 

কৃষি অফিস সূত্রে জানা যায়, ৯ নং ওয়ার্ডে কৃষি অফিসের কর্মকর্তা আব্দুল বাছিত ও আব্দুল মুছব্বির মুসার বাড়ি হওয়ায় ইউনিয়নের অন্য ওয়ার্ডগুলো বাদ রেখে হঠাৎ ওই ওয়ার্ডে শুমারি শুরু করা হয়েছে বলে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে। কেউ কেউ কৃষি অফিসের এ সিদ্ধান্তকে স্বেচ্ছাচারিতা হিসেবে দেখছেন।

 

জকিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন, হাসান আহমদ রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করে তথ্য সংগ্রহের কাজে হস্তক্ষেপ করেছেন এবং বিভ্রান্তি সৃষ্টি করেছেন। ওই ওয়ার্ডে ১২৭ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। বর্তমানে সেখানে কাজ বন্ধ রয়েছে। বারহাল ইউনিয়নে তথ্য সংগ্রহের কাজ চলছে। সেখানে কাজ শেষ হলে সুলতানপুর ইউনিয়নে ধারাবাহিকভাবে কৃষি শুমারির কার্যক্রম শুরু হবে।

Manual1 Ad Code

 

কৃষিকার্ডের তথ্য সংগ্রহ নিয়ে এই বিতর্কের মধ্যে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন কৃষকেরা। তাঁদের প্রত্যাশা, রাজনৈতিক বিতর্কের বাইরে রেখে সুষ্ঠু ও নির্ভুলভাবে তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন করা হবে, যাতে প্রকৃত কৃষকের তথ্য বাদ না পড়ে।

 

(সুরমামেইল/এএইচএল/এফএ)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code