বাড়িতে অতিথি আপ্যায়নে ভাত আর ফ্রায়েড রাইস, এই দুইয়েই সীমাবদ্ধ থাকে রাঁধুনীর পারদর্শিতা৷ কিন্তু সবসময় কি আর অতিথিদের সামনে একই খাবার পরিবেশন করতে ভালো লাগে? আর তাই বাড়িতে অতিথি এলে নিজের হাতে কী রান্না করে খাওয়াবেন এই নিয়ে চিন্তায় পড়ে যান অনেক গৃহবধূই৷ তাদের চিন্তা দূর করতেই রইল জাফরান পোলাউয়ের রেসিপি৷
উপকরণ
৪৫০ গ্রাম বাসমতি চাল
৫০ মিলি লিটার সাদা তেল
৬০০ মিলি লিটার জল
এলাচ দানা, লবঙ্গ
৫০ মিলি লিটার দুধ
আধা চা চামচ জাফরানের গুঁড়ো
দারুচিনি
চার টুকরো করে কাটা একটি টমাটো
দুই চা চামচ ঘি
২০ গ্রাম কাজুবাদাম
২০ গ্রাম কিশমিশ
মৌরি
স্বাদ মতো লবন
প্রস্তুত প্রণালী
প্রথমে একটি প্যানে দু চামচ ঘি বসিয়ে গরম করুন৷ এবার তাতে একে একে দারুচিনি, কাজুবাদাম, কিশমিশ ও মৌরি দিয়ে ভেজে তুলে নিন৷
এবার একটি পাত্রে সাদা তেল দিয়ে গরম করুন৷ তাতে জল, চাল, এলাচ দানা, লবঙ্গ ও টমাটো দিয়ে কিছুক্ষণ নারুন৷
কিছুক্ষণ নাড়াচারা করে পাত্রটির মুখ ভালো করে বন্ধ করে দিন৷ আঁচ কমিয়ে পাঁচ মিনিট রেখে দিন৷
এবার একটি ছোট পাত্রে দুধ দিয়ে তাতে জাফরান দিন৷ ধীরে ধীরে আঁচ বাড়ান৷
এবার ওই জাফরান সমেত দুধ ও ভেজে রাখা উপকরণগুলিকে ওই ভাতের মধ্যে দিয়ে দিন এবং অল্প আঁচে নাড়াচাড়া করুন৷
চাল সেদ্ধ হলে তা নামিয়ে দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দিন৷ এরপর গরম গরম পরিবেশন করুন৷