সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, মে ২৬, ২০১৬
সুরমা মেইল নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মহব্বত আলী (৩০) নামে এক ডাকাত নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মে) ভোর রাত সাড়ে ৩টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার শশই নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত মহব্বত জেলার নাসিরনগর উপজেলার পেয়ারপুর গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে।
এ ঘটনায় বিজয়নগর থানার ইসলামপুর পুলিশ ফাঁড়ির এসআই মো. শফিকুর রহমান, কনস্টেবল রজব আলী, কনস্টেবল সোহাগ মিয়া ওকনস্টেবল তারিকুল ইসলাম আহত হয়েছেন। তাদেরকে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ জানান, ভোর রাত সাড়ে ৩টার দিকে একদল সশস্ত্র ডাকাত ঢাকা-সিলেট মহাসড়কের শশই নামক স্থানে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল- এমন সংবাদ পেয়ে টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। এসময় নিজেদের আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।
এ ঘটনায় ডাকাত দলের সদস্য মহব্বত আলী গুলিবিদ্ধসহ চার পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ মহব্বতে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, চারটি ছোরা, দুটি রামদা ও তিনটি বল্লম উদ্ধার করা হয়েছে। ওসি আরও জানান, নিহত মহব্বত আলীর বিরুদ্ধে ডাকাতির অভিযোগে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি