সর্বোচ্চ নিরাপাত্তা পাবে জাপানি বিনিয়োগকারীরা

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, মে ২৯, ২০১৬

সর্বোচ্চ নিরাপাত্তা পাবে জাপানি বিনিয়োগকারীরা

Manual4 Ad Code
সুরমা মেইল নিউজ : বাংলাদেশে শিল্প উৎপাদন খাতে নতুন সম্ভাবনা এবং বিপুল জনশক্তির কথা জাপানি ব্যবসায়ীদের সামনে তুলে ধরে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে বাংলাদেশে বিদেশি নাগরিক ও বিনিয়োগকারীদের সব ধরনের নিরাপত্তা দেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি। রবিবার সকালে টোকিওতে জাপানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক প্রাতরাশ বৈঠকে এই আহ্বান জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের দরজা আপনাদের জন্য খোলা। আমি চাই আমাদের জাপানি বন্ধুরা বাংলাদেশে আসবেন, তরুণ কর্মীবাহিনী এবং অন্যান্য সুযোগসুবিধা কাজে লাগাবেন।
এই সফরে তার সঙ্গে থাকা বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী নেতারাও ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেলের লিন্ডেন কক্ষে এই প্রাতরাশ বৈঠকে উপস্থিত ছিলেন।
শেখ হাসিনা বলেন, তার সরকার বাংলাদেশে ১০০ বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও আইটি পার্ক গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে; এর মধ্যে ৩৩টির কাজ এগিয়ে চলেছে। তার ভাষায়, আমরা আশা করছি, আগামী চার বছরে বাংলাদেশের শিল্প উৎপাদন খাতে যুক্ত হবে আরও এক কোটি মানুষ।
জাপানকে বাংলাদেশের সবচেয়ে ‘পরীক্ষিত বন্ধু’ অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, কর্মনিষ্ঠার কারণে জাপানের বিনিয়োগকারীদের প্রতি বাংলাদেশের মানুষের গভীর আস্থা রয়েছে।
প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে  বৈঠকে জাপানের ‘রিভাইটালাইজেশন স্ট্র্যাটেজি’ এবং অবকাঠামো খাতে অংশীদারিত্বের বিষয়ে আলোচনার কথাও শেখ হাসিনা ব্যবসায়ীদের সামনে তুলে ধরেন।
তিনি বলেন, আমি বিশ্বাস করি, বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী, তাদের দক্ষতা ও সৃজনশীলতা, বাংলাদেশের কৌশলগত অবস্থান, উন্নয়ন আকাঙ্ক্ষা এবং শিল্পায়ন পরিকল্পনা জাপানের রিভাইটালাইজেশন পরিকল্পনার সঙ্গে মিলে যাবে।
প্রধানমন্ত্রী বলেন, দুটি পাবলিক-প্রাইভেট অর্থনৈতিক সংলাপের মধ্য দিয়ে দুই দেশের বোঝাপড়া আরও দৃঢ় হয়েছে বলে তিনি জেনেছেন। বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের প্রশাসনিক কার্যক্রম আরও সহজ করতে তার সরকার কাজ করে যাচ্ছে।
আর এসব বিষয়ে জাপানি ব্যবসায়ীদের মতামত ও পরামর্শ জানার আগ্রহের কথাও তিনি অনুষ্ঠানে জানান।
বিনিয়োগকারীদের চাহিদা অনুযায়ী প্রণোদনা দেওয়া, জ্বালানি সরবরাহ ও অন্যান্য সংযোগ-সুবিধা নিশ্চিত করা এবং কিছু ক্ষেত্রে কর কাঠামো শিথিল করারও প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করে শেখ হাসিনা বলেন, জাপানি নাগরিক এবং তাদের স্থাপনায় সম্ভাব্য সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার নির্দেশনা তিনি দিয়ে রেখেছেন।
তিনি বলেন, বাংলাদেশে সাম্প্রতিক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে বিদেশি নাগরিক ও বিনিয়োগকারীদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে আপনারা হয়তো উদ্বিগ্ন। আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, বাংলাদেশ সরকার যে কোনো ধরনের সন্ত্রাস ও উগ্রপন্থার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code