সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০১৬
হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বৈকণ্ঠপুর চা বাগানে প্রায় ১৫ সপ্তাহ ধরে শ্রমিকদের মজুরি ও রেশন প্রদান বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে মজুরি ও রেশন প্রদান বন্ধ থাকায় শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছেন। চা শ্রমিকরা দ্রুত মজুরি প্রদানসহ রেশন প্রদানের জন্য মালিক কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন। তবে মালিকপক্ষ বলছে, অব্যাহত লোকসানের কারণে শ্রমিকদের মজুরি ও রেশন দিতে পারছেন না তারা। এজন্য তারা সরকারের সহযোগিতা কামনা করেছেন।
এদিকে মজুরি ও রেশনের দাবিতে প্রায় তিন মাস ধরে আন্দোলন চালিয়ে আসছেন শ্রমিকরা। তবে এখন পর্যন্ত এতে কোনো সুফল পাওয়া যায়নি। গতকালও মিছিলসহকারে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন শ্রমিকরা। এ সময় মজুরি-রেশন প্রদানের দাবিতে তিনদিনের আল্টিমেটাম দেন শ্রমিকরা। এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের হুমকি দেন শ্রমিকরা।
জানা যায়, গত শতাব্দীর আশির দশকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বৈকণ্ঠপুর চা বাগান ইজারা নেন প্রদীপ কুমার মুখার্জি। এর পর থেকে তিনিই বাগানটি পরিচালনা করে আসছেন। বাগানে বর্তমানে ৪০০ স্থায়ী শ্রমিকসহ মোট ২৪০০ শ্রমিক রয়েছেন।
মালিপক্ষের দাবি, গত কয়েক বছর থেকে বাগানটির উত্পাদন অব্যাহতভাবে কমতে থাকে। চলতি বছরের শুরু থেকে লাভের বদলে লোকসান গুনতে হয়। তবে উত্পাদন কমার বিষয়টি সঠিক নয় বলে দাবি শ্রমিকদের।
এ অবস্থায় গত মার্চ থেকে শ্রমিকদের বেতন ও রেশন বন্ধ করে দেয় মালিকপক্ষ। এতে চরম দুর্ভোগে পড়েন শ্রমিকরা। দীর্ঘ ১৫ সপ্তাহ ধরে বন্ধ রয়েছে মজুরি ও রেশন। এতে বাগানের শ্রমিক পরিবারগুলোয় দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। খাদ্যাভাবে মানবেতর জীবনযাপন করছেন বাগান শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা। অনেকে অসুস্থ হয়ে পড়েছেন বলেও দাবি করেছেন শ্রমিক নেতারা। এদিকে বাগানে পাতা উত্তোলন অব্যাহত থাকলেও মার্চে মাস থেকে বন্ধ রয়েছে কারখানা। বিল বকেয়া থাকায় বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে বাগানের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ।
বৈকণ্ঠপুর চা বাগান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মানিক কর্মকার বলেন, ১৫ সপ্তাহ ধরে শ্রমিকদের মজুরি ও রেশন বন্ধ রয়েছে। ফলে শ্রমিকরা অর্ধাহারে-অনাহারে জীবন কাটাচ্ছেন।
তিনি বলেন, শ্রমিকরা যে মজুরি পায় তা দিয়ে তাদের দৈনন্দিন খরচই মিটে না। ফলে সঞ্চয় করার চিন্তাও তারা করতে পারেন না। এতে করে এক সপ্তাহ মজুরি না পেলেই তাদের বিপাকে পড়তে হয়। এখানে টানা ১৫ সপ্তাহ ধরে মজুরি না পেয়ে শ্রমিক পরিবারগুলোয় খাদ্য সংকট দেখা দিয়েছে। অনেকে না খেতে পেয়ে অসুস্থ হয়ে পড়েছেন।
তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে মজুরি ও রেশনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছি। কিন্তু বাগান কর্তৃপক্ষ বা সরকার এতে কর্ণপাত করছে না। সরকারি তরফ থেকেও আমাদের তেমন সহযোগিতা করা হয়নি।
এ ব্যাপারে চা বাগানের ব্যবস্থাপক সুব্রত দত্ত চৌধুরী বলেন, বাগানটি অনেকদিন ধরেই লাভের মুখ দেখছে না। তাই লোকসান গুনতে হচ্ছে। অব্যাহত লোকসানের কারণে মালিকপক্ষ শ্রমিকদের মজুরি দিতে পারছে না । তিনি সংকট উত্তরণে সরকারের সহযোগিতা কামনা করেন।
এ ব্যাপারে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন, লস্করপুর ভ্যালির সাধারণ সম্পাদক নিপেন পাল বলেন, মজুরি না পেয়ে বৈকণ্ঠপুর চা বাগানের প্রায় তিন হাজার শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন। প্রায় না খেয়ে দিন কাটাতে হচ্ছে তাদের।
তিনি বলেন, বুধবারের মধ্যে এ বাগানের সমস্যার সমাধান না হলে বৃহস্পতিবার থেকে লস্করপুর ভ্যালির ২৩টি বাগানে ধর্মঘট করবেন শ্রমিকরা।
মাধবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম বলেন, বাগানের শ্রমিকদের মধ্যে আমরা কিছু খাবার বিতরণ করেছি। এছাড়া মালিকপক্ষের সঙ্গেও সমস্যা সমাধানে আলোচনা চলছে।
এ প্রসঙ্গে শ্রম অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান বলেন, বৈকণ্ঠপুর বাগানের সংকট সমাধানে আলাপ-আলোচনা চলছে। শ্রমিকদের মজুরি প্রদানে মালিকপক্ষকেও আমরা চাপ প্রয়োগ করছি।
Design and developed by ওয়েব হোম বিডি