সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক :: যৌন হেনস্তা থেকে বাঁচতে গিয়ে পাহাড় থেকে পড়ে মেরুদণ্ড ভাঙল মার্কিন যুবতির৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ তাইল্যান্ডের ক্রাবি এলাকায়৷ ঘটনায় গ্রেফতার করা হয়েছে স্থানীয় এক যুবককে৷ অভিযুক্ত যুবক স্থানীয় একটি দোকানে কাজ করে৷
অভিযোগকারী ২৩ বছরের মার্কিন নাগরিক হানা গ্যাভিওস৷ ভিয়েতনামে শিক্ষকতা করেন হানা৷ ছুটিতে তাইল্যান্ডের পাহাড়ি এলাকায় বেড়াতে গিয়েছিলেন তিনি৷
বৃহস্পতিবার সন্ধ্যায় ক্রাবি এলাকায় ঘুরতে গিয়ে হোটেলে ফেরার রাস্তা ভুলে যান মার্কিন যুবতী৷ স্থানীয় এক দোকানে গিয়ে সাহায্য চান হানা৷ সেই দোকানেরই কর্মী অভিযুক্ত আপাই রুয়েংভোর্ন৷
অভিযোগ, হোটেল চিনিয়ে দেয়ার বাহানায় মার্কিন যুবতীর সঙ্গে যায় আপাই৷ কিন্তু, পাহাড়ের অন্ধকার রাস্তায় আসতেই হানার উপর ঝাঁপিয়ে পড়ে সে৷ নিজেকে বাঁচাতে আপাইয়ের কানে কামড়ে দেন হানা৷ তারপর কোনোমতে পালিয়ে যান সেখান থেকে৷
অন্ধকারে পাহাড়ি রাস্তা দিয়ে দৌড়তে গিয়ে পা পিছলে প্রায় ৪৫ মিটার নিচে পড়ে যান মার্কিন যুবতী৷ মেরুদণ্ড ভেঙে যায় তার৷
আহত হানার ওঠার শক্তি ছিল না৷ তার অভিযোগ, এরপর নিচে এসে সেই অবস্থাতেও তাকে প্রায় ঘণ্টাখানেক শারীরিক নিগ্রহ করে আপাই৷ কিন্তু, ধর্ষণ করেনি সে৷
পরে সকালে যখন প্যারা মেডিক্যাল স্টাফরা ঘটনাস্থলে এসে পৌঁছে তাকে ফুকেটে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিল, সেই সময়ও ঘটনাস্থলে ফিরে এসে সব নজরে রাখছিল সে৷
হানার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ২৮ বছরের আপাই রুয়েংভোর্নকে৷
পুলিশের জেরার মুখে নিজের দোষ স্বীকার করেছে সে৷ তাইল্যান্ডের নিয়ম অনুসারে এই অপরাধের জন্য ৫ থেকে ১০ বছর পর্যন্ত জেল হতে পারে তার৷ এখনো হাসপাতালে চিকিৎসা চলছে হানার৷ সেরে উঠে ভিয়েতনামে আবার শিক্ষকতা করতে চান মার্কিন যুবতী৷
Design and developed by ওয়েব হোম বিডি