সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: পারিবারিক কলহের জের ধরে মুন্সীগঞ্জে রূপচান মিয়া (৩২) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
রোববার সকাল ১১টায় সদর উপজেলার পশ্চিম মুক্তারপুর এলাকায় এ ঘটনা ঘটে। রূপচান শহরের দক্ষিণ ইসলামপুরের আব্দুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, তিন মাস আগে উপজেলার চরকেওয়ারের শামসুল হুদার মেয়ে মৌসুমী আক্তারের (২০) সঙ্গে রূপচান মিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন কারণে সংসারে ঝগড়া লেগে থাকত। এ নিয়ে পাঁচদিন আগে স্ত্রী অভিমান করে সংসার না করার কথা বলে বাবার বাড়িতে চলে যান।
আজ সকালে রূপচান ঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুক্তারপুর নৌ-ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি