সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: চুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রামকে উপজাতীয় অধ্যুষিত অঞ্চলের স্বীকৃতি দেওয়া হলেও সরকার এখনও তা বাস্তবায়ন ও কার্যকর করেনি বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা।
তিনি বলেন, সরকার সংবিধানকে দ্বিখণ্ডিত করে পাহাড়ের ১৪টি জাতিগোষ্ঠীর পরিচয়কে বাঙালি করেছে। অথচ আমরা কেউ বাঙালি নই। এই পার্বত্য অঞ্চলে ১৪টি জাতির নিজস্ব জাতিগত পরিচয় আছে। তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও জীবনধারা পরিচয় আছে। তা হলে তারা বাঙালি হতে যাব কেন? কিন্তু আমাদের শাসকগোষ্ঠী তাই করেছে। পার্বত্য চুক্তিতে পাহাড়ি জাতিসত্ত্বার নিজস্ব জীবনধারার স্বীকৃতি থাকলেও সরকার তা মেনে নিতে চাচ্ছে না।
শুক্রবার (২৫ নভেম্বর) রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক মিলনায়তনে আয়োজিত দুইদিনব্যাপী দ্বিতীয় পার্বত্য চট্টগ্রাম আদিবাসী লেখক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সন্তু লারমা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ও নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আফসার আহমদ সম্মেলনের উদ্বোধন করেন। আদিবাসী লেখক ও গবেষক শিশির চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারতের ত্রিপুরা রাজ্যের লেখক ক্রায়োরি মং চৌধুরী, লেখক প্রভাংশু ত্রিপুরা, লেখক মঙ্গলদেব বর্মণ প্রমুখ।
সন্তু লারমা আরও বলেন, শ্রেণিবিভক্ত সমাজে যেখানে সাহিত্য কোন সময়ে শ্রেণির ঊর্ধ্বে যেতে পারে না। এখানে সমাজে অর্থনৈতিকভাবে ধনী-নির্ধনের মধ্যে আমরা নানা বিভাজন দেখি। তেমনই সাম্প্রদায়িক ও অর্থনৈতিকভাবে ধনী-নির্ধনের বৈষম্যও সমাজে বিরাজ করছে।
তিনি বলেন, পার্বত্য অঞ্চলে শোষক এবং শোষিত মূলত দুইটি শ্রেণিতে দেখি। আজকে পার্বত্য অঞ্চলে আমরা যারা আদিবাসী জাতিসমূহ জুম্মজাতি এখানে বসবাস করি তারা শোষিত। মাতৃভাষায় কথা বলার অধিকার যদি না থাকে, আমার যদি সেই ভাষায় অনুভূতি আবেগ কামনা বাসনা ব্যক্ত করতে না পারি, আমার জীবনটা সীমাবদ্ধতার মধ্যে থাকে, শাসন-শোষণের মধ্যে যদি থাকে তা হলে আমার ভাষার স্বাধীনতা কোথায়। তার অস্তিত্ব কোথায়!
তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা। স্বাভাবিকভাবে যে কোন একটি রাষ্ট্রে তার নিজস্ব ভাষা থাকে। কিন্তু তার পাশাপাশি অন্যান্য ভাষাগুলো সংরক্ষণ ও বিকাশের যদি অধিকার না থাকে, তাহলে নিঃসন্দেহে সেই ভাষা নিপীড়ন নির্যাতনের মধ্যে থাকবে। সেই ভাষা হারিয়ে যেতে বাধ্য থাকবে। তবুও আজকে যারা সাহিত্য চর্চা করছেন, তারা পার্বত্য অঞ্চলে অবহেলিতদের অধিকার নিয়ে লেখালেখি করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।’
দুই দিনের সম্মেলনে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবানসহ ত্রিপুরা রাজ্যের দুই শতাধিক লেখক ও কবি যোগ দেন।
Design and developed by ওয়েব হোম বিডি