সিলেট ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: মুসলিম রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় অং সান সু চি এবং শেখ হাসিনা দুজনই ব্যর্থ হয়েছেন বলে দাবি করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ আয়োজিত মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার বন্ধের দাবিতে এক মানববন্ধনে তিনি এ দাবি করেন।
দুদু বলেন, মিয়ানমারের ক্ষমতাসীন নেত্রী অং সান সু চি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখে গণতন্ত্রের দাবিদার নেত্রী হলেও রোহিঙ্গা ইস্যুতে মানবতার ক্ষেত্রে দুজনই ব্যর্থ, ফেল করেছেন।
সু চির নোবেল পুরষ্কার পরিহাসের বিষয় হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেন, শান্তির ক্ষেত্রে যে নেত্রী নোবেল পুরষ্কার পেয়েছে মানবতার ক্ষেত্রে তিনি আজ ভয়ংকর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন।
সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বিএনপির এই নেতা বলেন, অনতিবিলম্বে বর্ডার খুলে দিয়ে তাদেরকে শরনার্থী হিসেবে বাংলাদেশে প্রবেশের সুযোগ দিন। ঠান্ডা মাথায় তাদের বিষয়ে সিদ্ধান্ত নিন। রোহিঙ্গা ইস্যুতে ‘বাংলাদেশের অবস্থান সঠিক’ বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাটের এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান তিনি।
আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতউল্লাহ, খালেদা ইয়াসমিন, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, মানবাধিকার পরিষদের মহাসচিব আ স ম মোস্তফা কামাল, শাহাবাগ থানা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
Design and developed by ওয়েব হোম বিডি