উত্তর প্রদেশে ভোটে জিততে হিন্দুত্বের তাস খেলছে বিজেপি

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৭

উত্তর প্রদেশে ভোটে জিততে হিন্দুত্বের তাস খেলছে বিজেপি

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের উত্তর প্রদেশে নির্বাচনে জয়ী হওয়ার লক্ষ্যে বিজেপি ‘রাম মন্দির’ থেকে ‘তিন তালাক’ এমনকী ‘কসাইখানা’কেও ইস্যু করেছে। মুখে ‘সবকা সাথ, সবকা বিকাশ’(সবার সঙ্গে সকলের উন্নয়ন) তত্ত্ব কথার বুলি আওড়ালেও বিজেপি আসলে হিন্দুত্বের তাস খেলে নির্বাচনি বৈতরণী পার হতে চাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

Manual6 Ad Code

গতকাল বিজেপি সভাপতি অমিত শাহ ‘লোক কল্যাণ সংকল্পপত্র’ নামক দলীয় যে ইস্তেহার প্রকাশ করেছেন তাতে বলা হয়েছে, ‘বিজেপি উত্তর প্রদেশে ক্ষমতায় এলে রাম মন্দির তৈরি করা হবে। তবে তা হবে সাংবিধানিক উপায়ে। সংবিধানসম্মত উপায়ে যত তাড়াতাড়ি মন্দির বানানো যায় সে বিষয়ে বিজেপি সরকার যত্নশীল হবে।’

Manual3 Ad Code

ইস্তেহারে বিজেপি ক্ষমতায় এলে মুসলিম নারীদের মত নিয়ে তাদের অধিকার রক্ষায় ‘তিন তালাক’ বন্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলা হয়েছে।

Manual8 Ad Code

পশ্চিম উত্তর প্রদেশের জন্য আলাদা করে বিশেষ পুলিশ বাহিনী তৈরি করা হবে যাতে কাইরানার মত ‘পলায়ন’ বন্ধ করা যায়। সামাজিক সংগঠন তৈরির কথাও বলা হয়েছে ‘পলায়ন’ ঠেকানোর জন্য।

গতবছর জুনে বিজেপি এমপি সদস্য হুকুম সিং অভিযোগ করেন, কাইরানা শহরে হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে। সেখানকার ৩৪৬ টি হিন্দু পরিবারকে স্থানীয় মুসলিমরা ঘরছাড়া করেছে। কাইরানাকে কাশ্মিরে পরিণত করার চক্রান্ত করা হচ্ছে বলেও তিনি দাবি করেন। কিন্তু প্রশাসনিক তদন্তে এবং আলাদাভাবে বিভিন্ন মিডিয়ার তদন্তেও বিজেপি’র ওই দাবি মিথ্যা প্রমাণিত হয়।

বিজেপির ইস্তেহারে বলা হয়েছে, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে সমস্ত যন্ত্রচালিত কসাইখানা বন্ধ হবে। নতুন করে কোনো কসাইখানা চালু করতে দেয়া হবে না। সমস্ত বেআইনি কসাইখানা বন্ধ করে দেয়া হবে।

ভারত গবাদি পশুর গোশতের বড় রফতানিকারক দেশ হলেও বিজেপি সভাপতি অমিত শাহ এ ক্ষেত্রে রফতানি বন্ধ করার ঘোষণা দিতে পারেননি। কিন্তু সামান্য কসাইখানা চালিয়ে কিছু মানুষ যে উপার্জন করত তাকে অবৈধ ঘোষণা করে বন্ধ করার কথা বলা হয়েছে।

অন্যদিকে, তিন তালাক ইস্যুতে মুসলিম নারীদের জন্য মায়াকান্নার ভান করলেও বিজেপির প্রার্থী তালিকায় একজন মুসলিমকেও ঠাই দেয়া হয়নি। অমিত শাহ এক্ষেত্রে সাফাই দিয়ে বলেছেন, যারা জিততে পারে এমন লোকেদেরই টিকিট দেয়া হয়েছে।

বিজেপি থেকে কিছুদিন আগে ইস্তফা দেয়া ফরিদা সুলতানা বলেছেন, ‘ইস্তেহারে তিন তালাক ইস্যু শামিল করে মুসলিম নারীদের সহানুভূতি পাওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু এটি মুসলিমদের ধর্মীয় বিষয়। তিনি যখন দলে ছিলেন তাকে প্রান্তিক করে রাখা হয়েছিল।’ বিজেপি মুসলিমদের হজম করতে পারে না বলেও তিনি মন্তব্য করেছেন।

সমাজসেবী সামিয়ুন খান বলেছেন, ‘তিন তালাককে বিজেপির নির্বাচনি ইস্যু করা ঠিক হয়নি কারণ এটি মুসলিমদের ধর্মীয় বিষয়। যদি ইস্যু করতেই হয় তাহলে নারীদের শিক্ষা এবং উন্নয়নকে করা উচিত।’

সমাজসেবী সব্বো খান বলেছেন, ‘শরয়ী আইনে হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। মুসলিম নারীদের জন্য যদি বিজেপি’র এতই দরদ থাকে তাহলে তাদের জন্য বিশ্ববিদ্যালয় তৈরি করুক, তাদের সরকারি চাকরি দিক। মুসলিমদের কল্যাণের কথা এত বলা হলেও রাজ্যে বিজেপি একটি আসনেও মুসলিম প্রার্থী দেয়নি কেন?’

বিজেপি’র ইস্তেহার প্রকাশকে কেন্দ্র করে বিএসপি প্রধান মায়াবতী বলেছেন, ‘বিজেপি’র ইস্তেহার প্রকাশ করার কোনো নৈতিক অধিকার নেই। লোকসভা নির্বাচনের সময় বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পালন করেনি। লোকসভা নির্বাচনের সময় বিজেপি ১০০ দিনের মধ্যে কালো টাকা বিদেশ থেকে ফিরিয়ে দরিদ্র পরিবারকে ১৫ লাখ টাকা করে দেয়ার কথা বললেও তা পালন করেনি। দরিদ্রদের ঘর দেয়ার প্রতিশ্রুতিও মিথ্যা প্রমাণিত হয়েছে।’ বিজেপি’র ইস্তেহারকে রাজ্যবাসীর চোখে ধুলো দেয়ার চেষ্টা বলেও অভিহিত করেছেন মায়াবতী।

মায়াবতী বলেন, রাম মন্দির নির্মাণের কথা বলা নতুন কিছু নয়। ওরা ঘুরিয়ে ফিরিয়ে রাম মন্দিরের কথা বলে আসছেন। কিন্তু সুপ্রিম কোর্টই এ নিয়ে শেষ কথা বলবে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code