সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০১৭
আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের কাশ্মীরে সেনা-জঙ্গির মধ্যে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে ২ জওয়ান। সেনার পাল্টা গুলিতে মৃত্যু হয়েছে ৪ জঙ্গিরও। রবিবার সকালে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার নাগবল এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনায় আরও ৩ জওয়ান আহত হয়েছে বলে জানিয়েছে রাজ্য পুলিশের দক্ষিণ কাশ্মীর রেঞ্জের ডিআইজি এসপি পাণি।
জঙ্গিদের খবর পেয়েই শনিবার রাতেই ওই এলাকা ঘিরে ফেলে পুলিশ ও সেনা জওয়ানরা। জঙ্গিদের খোঁজে সারা রাত ধরে চলে অভিযান। কুলগামের পুলিশ কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে একটি বাড়িতে গোপনে লুকিয়ে ছিল জঙ্গিরা। এরপর পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে তারা গুলি ছুঁড়তে থাকে। এরপর পাল্টা গুলি চালায় সেনাও। এখনও পর্যন্ত দুই পক্ষের মধ্যে গুলির লড়াই চলছে বলে জানা গেছে। মৃত জঙ্গিদের কাছ থেকে প্রচুর সংখ্যক অস্ত্রসস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে। পুলিশের ধারনা বন্দুকযুদ্ধে আরও তিন জঙ্গি আহত হয়ে থাকতে পারে এবং তারা এলাকা ছেড়ে অন্য কোথাও গা ঢাকা দিয়েছে। যদিও নিখোঁজ জঙ্গিদের খোঁজে জোর অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
যদিও স্থানীয়রা জানিয়েছে যে বাড়িটিতে জঙ্গিরা লুকিয়ে ছিল সেই বাড়িটিকে বিস্ফোরণে উড়িয়ে দেয় তারা, এর ফলেই জঙ্গিদের মৃত্যু হয়।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি কাশ্মীরের বারামুলা জেলায় জঙ্গি অনুপ্রবেশের ঘটনা ঘটে। সেসময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ জঙ্গি নিহত হয়, আহত হয়েছিল ২ পুলিশ সদস্যও।
Design and developed by ওয়েব হোম বিডি