সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
আন্তর্জাতিক ডেস্ক :: সুইজারল্যান্ডে নাগরিকত্ব লাভের কঠোর নীতি সহজ করার একটি প্রস্তাবে সমর্থন দিয়েছে দেশটির ভোটাররা। ভোটের প্রাথমিক ফলাফলে দেখা গেছে ৫৯ ভাগ ভোটার একে সমর্থন দিয়েছে। ফলে সুইজারল্যান্ডের জন্মগ্রহণকারী তৃতীয় প্রজন্মের অভিবাসী, যাদের বাবা-মা বা দাদা-দাদী সেখানে স্থায়ীভাবে বসবাস করছে, তাদের নাগরিকত্ব পাওয়া সহজ হবে।
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দেশগুলোর অন্যতম সুইজারল্যান্ডের নাগরিকত্ব পাওয়ার নীতি এতদিন বেশ কঠিন ছিল। দীর্ঘস্থায়ীভাবে যেসব বিদেশিরা সেখানে বসবাস করেন, নাগরিকত্ব পাওয়ার আবেদন করতে তাদেরকে ১২ বছর অপেক্ষা করতে হতো। এমনকি সেখানে জন্ম নিলেও অন্যদেশী বংশোদ্ভূতরা নাগরিক হতে পারতেন না। এই ভোটের মাধ্যমে সেই নিয়ম পাল্টে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
প্রস্তাবিত নতুন আইনের খসড়ায় বলা হয়, তৃতীয় প্রজন্মের অভিবাসীদেরকে আর এ ধরনের আমলাতান্ত্রিক প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হবে না।
তবে বিরোধিতাকারীরা বলেন, এর ফলে জনগণের বিশাল একটা অংশ খুব সহজেই নাগরিকত্ব পেয়ে যাবেন। বিশেষ কর দেশটিতে কাছাকাছি সময় মুসলিম অভিবাসী বিরোধী মনোভাব তৈরি হয়েছে।
এর আগে, গত ৩০ বছরে এই আইনটি শিথিল করার ব্যাপারে তিনবার ভোট অনুষ্ঠিত হয়েছে। কিন্তু প্রত্যেকবারই জনগণ সেই উদ্যোগ প্রত্যাখ্যান করেছে। উল্লেখ্য, সুইজারল্যান্ডের সরকারি হিসাবে দেখা যায়, দেশটির মোট জনসংখ্যার ২৫ শতাংশই সেখানকার নাগরিক নন। সূত্র: বিবিসি
Design and developed by ওয়েব হোম বিডি