সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
নিউজ ডেস্ক :: বিশ্বে দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। দ্বিতীয় অবস্থানে ঢাকা। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের করাচি ও চীনের বেইজিং। মঙ্গলবার বিশ্বজুড়ে একযোগে প্রকাশিত ‘বৈশ্বিক বায়ু পরিস্থিতি-২০১৭’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা হেলথ ইফেক্টস ইনস্টিটিউট এবং ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভালুয়েশনের যৌথ উদ্যোগে প্রকাশিত ওই প্রতিবেদন বলা হয়েছে, ১৯৯০ থেকে ২০১৫ সালের মধ্যে বিশ্বে বায়ুদূষণ সবচেয়ে বেশি বেড়েছে ভারত ও বাংলাদেশে। আর এই দূষণে সবচেয়ে বেশি ক্ষতির ঝুঁকিতে আছে বাংলাদেশ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বায়ুতে যেসব ক্ষতিকর উপাদান আছে, তার মধ্যে মানবদেহের জন্য সবচেয়ে মারাত্মক উপাদান হচ্ছে পিএম ২.৫। এত দিন এই উপাদান সবচেয়ে বেশি নির্গত করত চীন। গত দুই বছরে চীনকে টপকে ওই দূষণকারী স্থানটি দখল করে নিয়েছে ভারত। চীন ও ভারতের পরেই রয়েছে বাংলাদেশের অবস্থান। এ ক্ষেত্রে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে জাপানের টোকিও শহর। প্রতিবেদনটিতে মূলত কৃত্রিম উপগ্রহ থেকে বিশ্বের বিভিন্ন দেশের বায়ুদূষণের পরিমাণ পরিমাপ করা হয়েছে।
প্রতিবেদনে বায়ুদূষণের কারণে বাংলাদেশে বছরে ১ লাখ ২২ হাজার ৪০০ মানুষের মৃত্যু হচ্ছে বলে বলা হয়েছে। আর বায়ুদূষণের কারণে শিশুমৃত্যুর হারের দিক থেকে পাকিস্তানের পরেই বাংলাদেশের অবস্থান। পিএম ২.৫ ছাড়াও বায়ুর অন্যান্য দূষণকারী পদার্থের উপস্থিতির দিক থেকে সামগ্রিক দূষণের একটি চিত্র ওই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। তাতে শীর্ষ বায়ুদূষণকারী দেশ হিসেবে চীন, ভারত, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া ও পাকিস্তানের পরেই রয়েছে বাংলাদেশের অবস্থান।
গবেষণা প্রতিবেদন অনুসারে, বিশ্বে যেসব কারণে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়, তার মধ্যে বায়ুদূষণ রয়েছে পঞ্চম স্থানে। ২০১৫ সালে প্রায় ৪২ লাখ মানুষের অকালমৃত্যুর কারণ এই বায়ুদূষণ। আর এসব অকালমৃত্যুর অর্ধেকের বেশি ঘটেছে চীন ও ভারতে।
সাম্প্রতিক বছরগুলোতে নয়াদিল্লির বাতাসের গুণমান ধারাবাহিকভাবে খারাপ হয়ে চলেছে। দ্রুত নগরায়ন, ডিজেল ইঞ্জিন, কয়লা চালিত তাপ বিদ্যুৎ ইউনিট, কারখানা থেকে নির্গত ধোঁয়ার ফলেই বাতাসে দূষণের মাত্রা বেড়ে চলেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। জমিতে ফসলের অবশিষ্টাংশ পোড়ানো এবং কাঠ বা কয়লার চুলা থেকে নির্গত ধোঁয়াও দূষণের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। কিন্তু দিল্লিতে ধোঁয়াশা এবং কুয়াশার প্রবণতা গত রোববার রাতে দিওয়ালি উৎসব থেকে শুরু হয়েছে, যখন লাখ লাখ পটকা, আতসবাজির ধোঁয়ায় গোটা শহর আচ্ছাদিত হয়ে পড়ে।
Design and developed by ওয়েব হোম বিডি