সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
আন্তর্জাতিক ডেস্ক :: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো জোটের আদলে কিছু আরব দেশকে নিয়ে ইরান বিরোধী জোট গঠন করতে চান বলে একটি মার্কিন দৈনিক খবর দিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে বলেছে, মার্কিন নেতৃত্বাধীন এ জোটের প্রাথমিক সদস্য হবে মিশর, জর্দান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।
ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার মার্কিন প্রচেষ্টা নতুন কোনো ঘটনা নয়। ট্রাম্প আসলে তার পূর্বসুরিদের পদাঙ্ক অনুসরণ করছেন মাত্র। এর আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ‘ইরানের বিপদ’ পরিভাষা ব্যবহার করেছেন এবং তার আগের প্রেসিডেন্ট বুশ ইরানকে তার ভাষায় শয়তানের অক্ষশক্তির অন্তর্ভূক্ত করেছিলেন।
ইরান-আতঙ্ক ছড়িয়ে দেয়ার এই মার্কিন প্রচেষ্টার মূল উদ্দেশ্য যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তাকে ওয়াশিংটন-নির্ভর করে ফেলা তাতে সন্দেহের অবকাশ দেখছেন না বিশ্লেষকরা। এ লক্ষ্যে আমেরিকা গত কয়েক বছরে পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর কাছে ১৩,০০০ কোটি ডলারের সমরাস্ত্র বিক্রি করেছে।
অবশ্য এই সামরিক জোট গঠনের পেছনে ট্রাম্পের আরো বেশি উচ্চাভিলাষ রয়েছে। তিনি নিরাপত্তা রক্ষার বিষয়টিকে বাণিজ্যিকীকরণ করতে চান। ট্রাম্প এ পর্যন্ত বহুবার বলেছেন, সৌদি আরব যদি নিরাপত্তা চায় তাহলে তাকে অর্থ খরচ করতে হবে। সিরিয়ার অভ্যন্তরে ‘নিরাপদ অঞ্চল’ তৈরির প্রশ্নেও একই কথা বলেছেন নয়া মার্কিন প্রেসিডেন্ট। তিনি আমেরিকার অর্থনৈতিক ফাঁকফোকরগুলো এভাবে অর্জিত অর্থ দিয়ে পূরণ করতে চান। সৌদি আরবসহ অন্যান্য আরব দেশের তেলের টাকা তুড়ি মেরে উড়িয়ে নিয়ে নেয়ার জন্য এসব দেশের সামনে ইরানকে ভয়াবহ আতঙ্ক হিসেবে তুলে ধরছেন ট্রাম্প। প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি সারাজীবন ব্যবসা করেছেন এবং বাণিজ্য করে লাভবান হওয়ার পথ তার ভালোই জানা আছে।
এ অবস্থায় যেসব আরব দেশ আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোটে যোগ দেয়ার পরিকল্পনা করেছে তারা যতটা না ইরান বিরোধী একটি জোটে যোগ দেবে তার চেয়ে বেশি মার্কিন ফাঁদে আটকা পড়বে যার পরিণতি হবে রাজনৈতিক আত্মহত্যা।
বিখ্যাত আরব লেখক ও রাজনৈতিক বিশ্লেষক আব্দুলবারি আতাওয়ান এ সম্পর্কে বলেছেন, এই সামরিক জোট গঠনের মূল উদ্দেশ্য ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা নয় বরং ইরান-আতঙ্কের নাম করে মধ্যপ্রাচ্যের কথিত ‘সুন্নি’ দেশগুলোর সঙ্গে ইহুদিবাদী ইসরাইলের সম্পর্ক স্থাপনকে পূর্ণাঙ্গ রূপ দেয়া। সেইসঙ্গে ট্রাম্প চান আরব দেশগুলোর পেট্রো ডলার হাতিয়ে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশাল বিশাল প্রজেক্ট বাস্তবায়ন করা যার প্রতিশ্রুতি তিনি নির্বাচনি প্রচারাভিযানে দিয়েছিলেন।
Design and developed by ওয়েব হোম বিডি