সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৭
আন্তর্জাতিক ডেস্ক :: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ-ক্ষমতা কমিয়ে দেয়ার জন্য প্রতিনিধি পরিষদের একদল সদস্য একটি বিল আনার জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, এ ধরনের বিল পাসের মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের যুদ্ধ-ক্ষমতা কমিয়ে দিতে হবে।
প্রতিনিধি পরিষদের ১২ জন সদস্য এক চিঠিতে এ অনুরোধ জানিয়েছেন। এর মধ্যে বিরোধী ডেমোক্র্যাট ও সরকারি রিপাবলিকান দলের সদস্য রয়েছেন। ওই চিঠির কপি মঙ্গলবার ‘পলিটিকো’র হাতে পড়েছে। প্রতিনিধি পরিষদের এসব সদস্য সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। চিঠিতে এসব সদস্য বলেছেন, বহু বছর ধরে কংগ্রেস এ যুদ্ধ উপেক্ষা করে চলেছে।
এর পাশাপাশি ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় হামলার জন্য দায়ীদের বিরুদ্ধে হোয়াইট হাউজকে যুদ্ধ ঘোষণার ক্ষমতা দিয়ে পাস করা ২০০১ নম্বর প্রস্তাবটি বাতিলের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রতিনিধি পরিষদের এসব সদস্য বলেছেন, ওই প্রস্তাব পাসের মাধ্যমে যুদ্ধ করার জন্য প্রেসিডেন্টকে ‘খালি চেক’ দেয়া হয়েছে।
আফগানিস্তানে মোতায়েন মার্কিন শীর্ষ পর্যায়ের সেনা কমান্ডার জেনারেল জন নিকোলসন যখন তালেবানের বিরুদ্ধে যুদ্ধের জন্য আরো কয়েক হাজার সেনা চেয়েছেন তখন কংগ্রেসকে এ চিঠি দেয়া হলো। যারা এতে সই করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হচ্ছেন-বারবারা লি, কিথ এলিসন এবং ওয়াল্টার জোন্স।
Design and developed by ওয়েব হোম বিডি