আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের অন্ধ্রপ্রদেশে ব্রিজ থেকে একটি বাস লেকে পড়ে ৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩০ জন। মঙ্গলবার সকালে অন্ধ্রপ্রদেশের বিজয়াওয়াদা এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে।
আহতদের নিকটবর্তী সরকারি হাসপাতালে নেয়া হয়েছে। তাদের মধ্যে ১০ জনের অবস্থা সংকটজনক বলে জানা গেছে। গ্যাস কাটার ব্যবহার করে বিধ্বস্ত বাসটির আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়।
জানা গেছে, ভুবনেশ্বর থেকে হায়দ্রাবাদ যাওয়ার সময় তন্দ্রাচ্ছন্ন চালক ভলবো বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ১০০০ কিলোমিটার দূরের গন্তব্যে রওনা হওয়া বাসটি বিজয়বারাতে যাত্রাবিরতি করেছিল। এখানে নতুন একজন চালক বাসটির দায়িত্ব নেন।
ভোর প্রায় সাড়ে ৫টার দিকে বাসটি সেতুর একটি ডিভাইডারের ওপর দিয়ে উঠে গিয়ে সেতুর দুই লেনের মধ্যবর্তী ফাঁক গলে খালে পড়ে যায়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়, এই অংশে আরো অনেকে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।