সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০১৭
হবিগঞ্জ প্রতিনিধি :: টানা চারদিন বন্ধ থাকার পর অবশেষে সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল সচল হয়েছে।
সোমবার দুপুর ১টায় ব্রিজ মেরামতের কাজ শেষে সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু করার ঘোষণা দেয় রেলওয়ে কর্তৃপক্ষ।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ রেল জংশন মাস্টার মো. সাইফুল ইসলাম জানান, ধসে যাওয়া মাধবপুরের এ ব্রিজটি লোহার পাত দিয়ে অস্থায়ীভাবে মেরামত করে পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ১টা থেকে সিলেটের সাথে সারা দেশের রেল চলাচল শুরু করা হয়েছে।
তিনি আরও জানান, এ রুটে দুপুর ২টা ৫০ মিনিটে সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাবে। তারপর ঢাকা থেকে জয়ন্তিকা ও চট্টগ্রাম থেকে পাহাড়িকা এক্সপ্রেস সিলেটের উদ্দেশে ছেড়ে আসবে।
এর আগে ঢাকা ও চট্টগ্রাম থেকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা স্টেশন এবং সিলেট থেকে হবিগঞ্জের নোয়াপাড়া স্টেশন পর্যন্ত বিকল্প রুটে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়েছিল।
উল্লেখ্য, গত ৩০ মার্চ সিলেট সেকশনের ইটাখোলা মনতলা এলাকায় পাহাড়ি ঢলে ৫৫ নম্বর সেতুর নিচের মাটি সরে যায়। ফলে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে তাই সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ করে দেয়া হয়।
Design and developed by ওয়েব হোম বিডি