সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, মে ২৪, ২০১৭
আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরে সন্ত্রাসী হামলার পর দেশজুড়ে আরো হামলার আশঙ্কা করছেন দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে।
সোমবার রাতের ঘটনার পর দেশটিতে হামলার হুমকি ‘ক্রিটিক্যাল’ অর্থাৎ সর্বোচ্চ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
হামলার পর যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থাগুলোর সন্দেহের তীর যায় ম্যানচেস্টারের বাসিন্দা লিবিয়ার বংশোদ্ভূদ সালমান আবেদি নামে এক তরুণের দিকে। তবে হামলাকারী একা ছিলেন, নাকি তাঁর সঙ্গে আরো সহযোগী ছিল তা জানা যায়নি। এরই পরিপ্রেক্ষিতে আরো হামলার আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন মে।
তিনি আরো জানান, পুলিশকে সহায়তা করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী মোতায়েন করা হবে। এ ছাড়া সেনাসদস্যদের খেলাধুলা ও কনসার্টের মতো বিভিন্ন অনুষ্ঠানেও দায়িত্ব পালনে দেখা যাবে। এ সময় তারা পুলিশের অধীনে কাজ করবেন।
ব্রিটেনের জনগণকে অযথা আতঙ্কিত করতে চান না উল্লেখ করে মে বলেন, সঙ্গত ও যৌক্তিক কারণেই নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হচ্ছে।
প্রসঙ্গত, সোমবার রাতে ম্যানচেস্টার এরিনাতে মার্কিন গায়িকা আরিয়ানা গ্রান্দের এক কনসার্টে আত্মঘাতী বিস্ফোরণ সংঘটিত হয়। এতে ২২ জন নিহত ও ৫৯ জন আহত হয়।
সূত্র : বিবিসি।
Design and developed by ওয়েব হোম বিডি