সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৭
মৌলভীবাজার সদর থানার খলিলপুর ইউনিয়নের শেরপুরের ব্রাহ্মণগ্রামে কারণ ছাড়াই এক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক মিটার খুলে নিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। এ বিষয়ে ভূক্তভোগী পল্লী বিদ্যুতের ডিজিএম ও জিএম এর নিকট পৃথক পৃথক লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত এর কোনো প্রতিকার পাওয়া যায়নি। এতে গত ২১দিন ধরে অন্ধকারে রয়েছে উক্ত পরিবার।
অভিযোগে জানা যায়, মৌলভীবাজার সদর থানার খলিলপুর ইউনিয়নের শেরপুরের ব্রাহ্মণগ্রামের মৃত দিলাওর মিয়ার উত্তরাধীকারীরা দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক মিটার স্থাপন করে বিদ্যুৎ ব্যবহার করে আসছেন। গত ১৩ সেপ্টেম্বর বিকালে পল্লী বিদ্যুৎ মৌলভীবাজার জোনাল অফিসের শেরপুর অভিযোগ কেন্দ্রের লোকজন দিলাওর মিয়ার বাড়ির স্থাপনকৃত মিটার (যাহার হিসাব নং ৫১০/১৭৩৪, মিটার নং ১৩২২৬১) খুলে নিয়ে যায়। এ সময় কারণ জিজ্ঞাসা করে কোন প্রতিত্তোর পাওয়া যায়নি। পরবর্তীতে অভিযোগ কেন্দ্রে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে মৌলভীবাজার অফিসের সাথে যোগাযোগ করতে বলে। মৌলভীবাজার অফিস মিটার খুলে নেওয়ার কারণ নিশ্চিত করতে পারেনি। এমন কি গ্রাহকের কাছে কোনো বকেয়া বিলও পাওনা ছিলো না। বৈদ্যুতিক মিটারটি আবাসিক এলাকায় ব্যবহার করা হলেও বিদ্যুৎ সংযোগের পর থেকে কর্তৃপক্ষ বাণিজ্যিক বিল আদায় করে আসছে। এ ব্যাপারেও তাৎক্ষনিক কোন সদুত্তোর দিতে পারেননি মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন।
এ ব্যাপারে মৃত দিলাওর মিয়ার স্ত্রী রানু বেগম প্রতিকার চেয়ে গত ২০ সেপ্টেম্বর মৌলভীবাজার জোনাল অফিসের ডিজিএম বরাবর লিখিত অভিযোগ দেন। কিন্তু বৈদ্যুতিক মিটার পুণঃস্থাপন বা বিদ্যুৎ সংযোগ দেওয়ার ব্যাপারে তিনি কোন প্রতিত্তোর পাননি। পরবর্তীতে ২ অক্টোবর পল্লী বিদ্যুতের শ্রীমঙ্গল জোনাল অফিসের জিএম বরাবর আরো একটি অভিযোগ প্রেরণ হয়। তাতেও এখন পর্যন্ত সাড়া পাওয়া যায়নি।
মৌলভীবাজার জোনাল অফিসের ডিজিএম মো. জাকির হোসেন বলেন, সাধারণত বকেয়া বিল, মিটার নষ্ট এসব কারণে মিটার খুলে আনা হয়। এ গ্রাহকের যখন এসব কোন সমস্যা নেই তখন কি কারণে মিটার খুলে আনা হলো তা খোঁজ নিয়ে দেখছি।
Design and developed by ওয়েব হোম বিডি