সিলেট ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৩
সুনামগঞ্জ প্রতিনিধি :
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আলু-ডিম নিয়ে কিছু লোক খেলতে চেয়েছিল, আমরাও খেলবো। তবে আমরা খেলবো বাজারে আলু, ডিম আমদানি করে।
রোববার (০৫ নভেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পাঠদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানের আগে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য নিম্ন আয়ের মানুষ। সরকার এক থেকে দেড় কোটি নিম্ন আয়ের মানুষকে ন্যায্যমূল্যে খাবার দিচ্ছে। এই ন্যায্যমূল্যে খাবার বিতরণ করায় মূল্যস্ফীতির ছোবলটা নিচের দিকে থাকছে। এটা না হলে মূল্যস্ফীতি ১৫ থেকে ১৬ ভাগে উঠে যেত। সরকার এই মূল্যস্ফীতি আরো কমিয়ে আনবে। এখন অগ্রহায়ণ মাস, আর ২০/২২ দিন পরেই ধান কাটা শুরু হবে। তখন আরো মূল্যস্ফীতি নামা শুরু হবে।
তিনি বলেন, মূল্যস্ফীতি সব দেশেই আছে, আমাদের দেশেও আছে। প্রতিবেশী দেশ ভারতেও বর্তমানে ৮ ভাগ ও ইংল্যান্ডে ৯ ভাগ মূল্যস্ফীতি আছে।
নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, এখনো শতভাগ নির্বাচনী পরিবেশে তৈরি হয়নি। মাঠ পর্যায়ে ঘুরে দেখেছি ৮০-৯০ ভাগ পরিবেশ তৈরি হয়েছে। তবে নির্বাচন যত ঘনিয়ে আসবে মানুষের মাঝে আনন্দ-উদ্দীপনা বাড়তে থাকবে। দেশের মানুষ কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। উন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকারকে তারা আবারও ক্ষমতায় আনবেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, হরতাল অবরোধের কারণে দেশে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এটা অস্বীকার করার সুযোগ নেই। যারা এমন কর্মসূচি দিচ্ছে তারা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছে। জাতির পায়ে কুড়াল মারছে। অতীতেও কিছু মানুষ এমন অপকর্মের চেষ্টা করেছে, কিছুই করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। লড়াই সংগ্রাম করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। দরকার হলে আবারো দেশের মানুষ উন্নয়নের সংগ্রাম করে উন্নয়নের সরকার শেখ হাসিনাকে এগিয়ে নিয়ে যাবে।
প্রধানমন্ত্রী সুনামগঞ্জের মানুষকে ভালোবাসেন উল্লেখ তিনি বলেন, তাঁর (প্রধানমন্ত্রী) উৎসাহ উদ্দীপনায় আমরা সুনামগঞ্জে মেঘা প্রকল্প বাস্তবায়ন করেছি৷ আমাদের যাত্রাপথে কপাটের পরে কপাট খুলছে। আজ মেডিকেল এরপর বিটাক, আজিজুন্নেছা ভোকেশনাল ইন্সটিটিউট, আঞ্চলিক ধান গবেষণা ইন্সটিটিউট, মুন্সি আরফান আলী ইউসেফ শ্রম ও কর্মসংস্থান ইন্সটিটিউট। সুনামগঞ্জে রেল আসবেই৷ সুনামগঞ্জে আমরা বিমানবন্দর করবো। উড়াল সড়কের ইতিমধ্যে শুরু হয়েগেছে৷ শুধু কাজ আর কাজ। আমাদের কাজের শেষ নেই। সুনামগঞ্জের জন্য আমার আরও স্বপ্ন আছে সেই স্বপ্ন বাস্তবায়নে সবার সহযোগিতা চাই।
এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, সুনামগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের প্রকল্প পরিচালক ডা. শামসুদ্দিন, সিভিল সার্জন ডা. আহমদ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ এহশান শাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন প্রমুখ।
(সুরমামেইল/এসএসডি)
Design and developed by ওয়েব হোম বিডি