সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৭
মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা নিধন নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার মধ্যে থাকা দেশটির ডি-ফ্যাক্টো সরকারপ্রধান অং সান সু চির ‘ফ্রিডম অব দি সিটি অব অক্সফোর্ড অ্যাওয়ার্ড’ প্রত্যাহার করেছে যুক্তরাজ্যের অক্সফোর্ড শহর কর্তৃপক্ষ।
মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রামের স্বীকৃতি হিসেবে ১৯৯৭ সালে তাকে এই সম্মাননা দেওয়া হয়েছিল। তবে এখন আর তার জন্য এ সম্মাননা ‘যথোপযুক্ত নয়’ বলে সিটি কাউন্সিলে একটি প্রস্তাব পাস হওয়ার কথা জানিয়েছে বৃটিশ গণমাধ্যম বিবিসি।
এর আগে গত সপ্তাহে অক্সফোর্ডের সেইন্ট হিউ কলেজের প্রবেশদ্বার থেকে অং সান সু চির প্রতিকৃতি সরিয়ে নিয়েছিল কলেজ কর্তৃপক্ষ। সেইন্ট হিউ কলেজের মূল ভবনের প্রবেশদ্বারেই ছিল সু চির সেই প্রতিকৃতি।
সেন্ট হিউ কলেজ থেকে ১৯৬৭ সালে স্নাতক ডিগ্রি নেন সু চি। তার স্বামী ড. মাইকেল অ্যারিস এক সময় ওই কলেজে শিক্ষকতাও করেছেন।
সু চি গৃহবন্দি হওয়ার পর ১৯৯৩ সালে তাকে সম্মানসূচক ডক্টরেট দেয় অক্সফোর্ড। ওই ডিগ্রি তিনি গ্রহণ করেন মুক্তি পাওয়ার পর, ২০১২ সালে।
রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযানে কয়েক হাজার রোহিঙ্গাকে হত্যা এবং লাখ লাখ রোহিঙ্গার পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার প্রেক্ষাপটে বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছেন দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি।
রোহিঙ্গাদের ওপর এই সহিংসতাকে ‘জাতিগত নিধনের’ চেষ্টা হিসেবে দেখছে জাতিসংঘ। সেখানে ‘গণহত্যা’ চলছে বলে মানবাধিকার সংগঠনগুলো বলে আসছে।
মিয়ানমার সেনাবাহিনীর এই নিষ্ঠুরতা ঠেকাতে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় সমালোচিত সু চিকে দেওয়া সম্মাননা গত মাসে স্থগিত করে যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম ট্রেড ইউনিয়ন- ইউনিসন।
সু চির সম্মাননা প্রত্যাহারের প্রস্তাবে সমর্থনকারী অক্সফোর্ড সিটি কাউন্সিলের নেতা বব প্রাইস বলছেন, মিয়ানমারের পরিস্থিতি নিয়ে মানুষ ‘চরম ক্ষুব্ধ’ এবং দেশটিতে বর্বরতার খবর নিয়ে তার কথা না বলাটা খুবই অস্বাভাবিক।
Design and developed by ওয়েব হোম বিডি