সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৬
নিজস্ব প্রতিবেদক :: কুলাউড়ায় বাল্য বিয়ের অনুষ্ঠান থেকে বরসহ ৪ জনকে আটক করে বিনাশ্রম কারাদন্ড এবং আরও ৩ মহিলাকে অর্থদন্ড দেয়া হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব কর্মধা গ্রামে স্থানীয় বিদ্যালয়ে ৮ম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীর বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দন্ড দেয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহসিনা বেগম।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন জানান, মানবাধিকার সংগঠন গ্লোবাল হিউম্যান রাইটস্ অর্গেনাইজেশন (জিএইচআরও) এর দেয়া তথ্যের ভিত্তিতে উপজেলার কর্মধা গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় কনের অপ্রাপ্ত বয়স প্রমানিত হওয়ায় এবং বাল্য বিবাহের আয়োজন করার অপরাধে কোর্ট তাদের বিরুদ্ধে কারাদন্ড ও জরিমানা করে।
কারাদন্ড ও জরিমানাপ্রাপ্তদের মধ্যে বিয়ের বর ও পৃথিমপাশা ইউনিয়নের সনমান গ্রামের মৃত কনর আলীর ছেলে মশাহিদ আলীকে ৩দিনের, বরের ভাই ইসমাইল আলীকে ৭দিন, পূর্ব কর্মধা গ্রামের কনের বড় ভাই রুবেল মিয়াকে ১মাস ও ভগ্নিপতি আব্দুস সালামকে ৩দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়াও কনের মাতা খতিবুন বেগম, খালা তালিবুন বেগম ও বরের ভাবী মরিয়মকে ১ হাজার টাকা করে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
Design and developed by ওয়েব হোম বিডি