সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : কেনিয়ার রাজধানী নাইরোবিতে বন্যায় ৭তলা একটি ভবন ধসে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। শুক্রবার স্থানীয় গণমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়। তবে রেডক্রস নিহতের খবরের সত্যতা নিশ্চিত করতে পারেনি। রেডক্রসের মুখপাত্র আরনোল্ডা শিউনডু বলেন, স্থানীয় সময় রাত সাড়ে নয়টার দিকে ঘন বসতিপূর্ণ এলাকা হুরুমায় এই দুর্ঘটনা ঘটে। বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে ভারী বৃষ্টিপাতের পর এই দুর্ঘটনা ঘটে। শিউনডু বলেন, ইতিমধ্যে ১২১ জনকে ধ্বংস্তুপ থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কতজন আহত হয়েছে সে ব্যাপারে তিনি কিছু জানাননি। এর আগে রেডক্রসের এক মুখপাত্র জানিয়েছিলেন, এই ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে। স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, শুক্রবার ভোরে নগরীর অন্য একটি অংশে বন্যার কারণে একটি স্থাপনার পাশের একটি দেয়াল ধসে অন্তত চারজন মারা গেছে। ধ্বংসস্তুপের নিচে কতজন চাপা পড়ে আছে তা নিশ্চিত করে জানাতে পারেননি শিউনডু। তবে সেখানে বেশ কয়েকজন আটকা পড়ে আছে বলে আশঙ্কা করেন তিনি। তিনি বলেন, আমরা এখন তাদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছি। ভারী বৃষ্টিপাতের কারণে নগরীর অনেক এলাকায় বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে।
সূত্র: বিবিসি ও এএফপি
Design and developed by ওয়েব হোম বিডি