সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৫ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০১৬
সুরমা মেইল নিউজ : হবিগঞ্জের চুনারুঘাটে দারুল কিরআতে মাইক বাজানো নিয়ে মসজিদে ঢুকে খতিব ও শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর ঘটনা ঘটেছে। এ নিয়ে সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। গুরুতর আহত ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ৯টায় উপজেলার লক্ষ্মীপুর জামে মসজিদে এ ঘটনাটি ঘটে। এদিকে মসজিদে প্রবেশ হামলার ঘটনায় মুসল্লিরা বিক্ষোভ মিছিল করেছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত রোমান মিয়াকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রমজান মাস উপলক্ষে লক্ষ্মীপুর জামে মসজিদে প্রতি বছরের ন্যয় এবারও দারুল কিরআত শুরু হয়। বৃহস্পতিবার সকালে দারুল কিরআতের প্রধান ক্বারী ও খতিব মাওলানা মুফতি শেখ জামাল আহমেদ মাইক বাজিয়ে শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা দিচ্ছিলেন।
এ সময় ধলাইপাড় গ্রামের আ. মন্নানের ছেলে রোমান মিয়া মসজিদে গিয়ে মাইক বাজানো বন্ধ করার নির্দেশ দেয়। খতিব মাইক বাজানো নিয়ে মসজিদ কমিটির সঙ্গে কথা বলতে বলেন। এ নিয়ে তর্কাতর্কির এক পর্যাযে রোমান মিয়া খতিব শেখ জামাল ও শিক্ষার্থীর উপর হামলা চালায়।
এ ঘটনার খবর পেয়ে মসজিদের মুসল্লিরা এগিয়ে আসলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ক্বারী শেখ জামাল আহমেদ, আবুল কালাম, জাবেদ মিয়া, বাচ্চু মিয়া, আবুল খায়ের ও ফয়সল মিয়া আহত হয়।
খবর পেয়ে মুসল্লিদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং বিক্ষুব্ধ মুসল্লিরা চুনারুঘাট পৌরশহরে রোমান মিয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিক্ষোভ মিছিল করে। পরে চুনারুঘাট থানা পুলিশ রোমান মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
Design and developed by ওয়েব হোম বিডি