সিলেট ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, জুন ১২, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: রাজধানীর নিউমার্কেট থানা এলাকা থেকে গ্রেফতার ‘নব্য জেএমবির’ ছয় সদস্য দেশের প্রগতিশীল আলেম-ওলামাদের হত্যার পরিকল্পনা করছিল বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
সোমবার বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
গ্রেফতারকৃতরা হলেন- জাহিদুল ইসলাম ওরফে জোহা (২৩), আবু বকর সিদ্দিক ওরফে আবু মোহাম্মদ (১৯), মোহাম্মদুল্লাহ আদনান (১৯), মেহেদি হাসান ইমন ওরফে আবু হামজা (২১), খালিদ সাইফুল্লাহ ওরফে আবু মুসাব (১৯) ও শামসুদ্দিন আলামিন।
মনিরুল ইসলাম জানান, গতকাল রোববার দিবাগত রাতে নিউমার্কেটের নিউ সুপারমার্কেট এলাকা থেকে ওই ছয় জঙ্গিকে গ্রেফতার করা হয়। সেখানে ১০ থেকে ১১ জন নব্য জেএমবি সদস্য সরকার ও রাষ্ট্রবিরোধী ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনাসহ ধর্মীয় উগ্রবাদের বিরোধিতাকারী প্রগতিশীল আলেম-ওলামাদের হত্যার পরিকল্পনার উদ্দেশ্যে মিলিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের মধ্যে ছয়জনকে গ্রেফতার করে কাউন্টার টেররিজম ইউনিট।

আটক নব্য জেএমবি’র ৬ সদস্য
মনিরুল ইসলাম আরও জানান, জিজ্ঞাসাবাদে তারা জানায় নব্য জেএমবি’র নেতা আইয়ুব বাচ্চু ওরফে মাখনদা ওরফে লালভাই এবং জনৈক আর্চার-এর নির্দেশ অনুযায়ী তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের এ পরিকল্পনা বাস্তবায়নে অস্ত্রসহ অন্যান্য ক্ষেত্রে সাদী ওরফে আবু জান্দাল ওরফে আবু দারদা ওরফে আবু তাদের সহযোগিতা করছে।
তিনি বলেন, “গ্রেফতার আদনান নিউ মার্কেট এলাকার একটি মসজিদে তারাবির নামাজ পড়ান। এজন্য প্রতিদিন তারা সেখানে সমবেত হতো।”
মনিরুল ইসলাম বলেন, “গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ করে এবং গোয়েন্দা তথ্যে জানা যায়, জাহিদুল ওরফে মাশরুর এবং আবু মোহাম্মদ একজন ওলামাকে হত্যা করতে তার বাড়ি রেকি করেছিল। এটা নিয়ে তারা বৈঠকও করছিল।
তবে কৌশলগত কারণে সেই আলেমের নাম প্রকাশ না করে তিনি বলেন, “যারা বলে ইসলামে জঙ্গিবাদের জায়গা নেই, জঙ্গিদের সঙ্গে যাদের মতবাদ মেলে না, তাদের জঙ্গিরা হত্যা করতে চায়।”
গ্রেফতারদের কাছ থেকে মুঠোফোন, বিভিন্ন কাগজ, নোটবুক, জঙ্গিসংশ্লিষ্ট তথ্যসমৃদ্ধ পেনড্রাইভ, মেমোরি কার্ডসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে বলে মনিরুল জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, জেএমবির কেন্দ্রীয় কমিটি বা মজলিসে শুরার সদস্য সংখ্যা এখন পাঁচজন। তাদের একজনের নাম সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজ। আর তাদের পরের স্তরের আরেক নেতা হলেন সাদী ওরফে আবু জান্দাল ওরফে আবু দারদা ওরফে আবু, যিনি অস্ত্র ও অন্যান্য সহযোগিতা দিয়ে গ্রেপ্তার ওই ছয়জনকে সংগঠিত করেছেন।
Design and developed by ওয়েব হোম বিডি