আন্তর্জাতিক ডেস্ক :: সউদি আরবে ২৪ ঘণ্টার ব্যবধানে বোনের হাতে ভাই এবং স্ত্রীর হাতে স্বামী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। প্রথম ঘটনাটি ঘটেছে তায়েফে। মক্কা পুলিশের মুখপাত্র কর্নেল আল-কোরায়েশি জানান, তায়েফে সোমবার এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
তিনি জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং তদন্ত করে্ জানতে পারে, পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার এক পর্যায়ে লোকটিকে তার বোন উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ নিহত ব্যক্তির পিঠে বেশ-ক’টি ছুরিকাঘাতের চিহ্ন দেখতে পায়।
তিনি আরো জানান, মেয়েটির বয়স ২০এর কোঠায়। খুনের দায়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
সর্বশেষ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে; নাজরানে। নাজরান পুলিশের মুখপাত্র জানান, রাত দেড়টার দিকে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং নিহত ব্যক্তির লাশ দেখতে পাই।
তিনি জানান,আমরা জানতে পারি তিনিই গৃহকর্তা। এখানেও পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী তার (স্বামী) বুকের বাম দিকে একটি ছুরি ঢুকিয়ে দিলে তার মৃত্যু হয়। এই বধূটির বয়সও ২০এর কোঠায় এবং পুলিশ তাকে গ্রেফতার করেছে। সূত্র : সউদি গেজেট