সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৯
সুরমা মেইল ডেস্ক : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ‘মুসলিম তৌহিদী জনতা’ ও পুলিশের সংঘর্ষে চারজন নিহত হবার ঘটনা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় খুলনার সিনিয়র সাংবাদিক দ্য নিউ নেশন পত্রিকার প্রতিনিধি ও খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনির উদ্দিন আহমেদকে গ্রেফতার করা হয়েছে।
গত রোববার (২০ অক্টোবর) রাত তিনটার দিকে মনির উদ্দিন আহমেদকে তার বাসা থেকে আটক করা হয়। এরপর সোমবার (২১ অক্টোবর) রাত ৮টায় তার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে গ্রেফতার দেখায় পুলিশ।
এরপর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আমিরুল ইসলাম মঙ্গলবার (২২ অক্টোবর) রিমান্ড শুনানির দিন ধার্য করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
মনির উদ্দিন আহমেদ শান্তির বিরুদ্ধে বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৮, ২৯ ও ৩১ ধারায় মামলাটি করেন খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল আলম।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সাংবাদিক মনির উদ্দিন শান্তি ভোলার ঘটনায় পুলিশের সমালোচনা করে স্ট্যাটাস দিয়েছেন। ভোলার ঘটনায় পুলিশের ভূমিকার সঙ্গে ইসরাইলি পুলিশ বা ইহুদিদের সঙ্গে তুলনা করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
তার বিরুদ্ধে দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করার উসকানি দেয়া, সরকারের ভাবমূর্তি নষ্ট করা, হিন্দু-মুসলমানদের সম্প্রীতি বিনষ্ট করা এবং পুলিশ বাহিনীর মনোবল নষ্ট করার অভিযোগ আনা হয়েছে।
খুলনা মহানগর পুলিশের মুখপাত্র এডিসি শেখ মনিরুজ্জামান মিঠু জানান, মনির আহমেদ তার ফেসবুক পেইজে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনায় উসকানিমূলক স্ট্যাটাস দেন। এজন্য পুলিশ সদর দপ্তরের নির্দেশে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে তার বাসা থেকে তার মোবাইল ফোন জব্দ করে পুলিশ।
এদিকে, ভোলার বোরহানউদ্দিনের ঘটনা নিয়ে সিএমপি কমিশনারকে জড়িয়ে ফেইসবুকে ‘উস্কানিমূলক পোস্ট’ দেয়ায় চট্টগ্রামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত পৌনে ১১টার দিকে নগরীর লালদীঘি এলাকা থেকে রবিউল আলম (২৮) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন জানিয়েছেন।
রবিউল বাঁশখালী উপজেলার পূর্ব তিশোরি গ্রামের আহমদ হোসেনের ছেলে। তিনি সীতাকুণ্ডে একটি শিপ ইয়ার্ডে চাকরি করেন।
পুলিশ জানিয়েছে, কোরআনে হাফেজ রবিউল নিজেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় সাইবার পার্টির সমন্বয়ক বলে পরিচয় দেন। রবিউল সিএমপি কমিশনার মাহবুবর রহমানের ছবি ফেসবুকে দিয়ে বিভিন্ন উস্কানিমূলক স্ট্যাটাস প্রদান করে। সে ভোলার ঘটনা নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য বিভিন্নজনের সাথে যোগাযোগ করছিল।
Design and developed by ওয়েব হোম বিডি