সিলেট ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৬
হবিগঞ্জ প্রতিনিধি:
আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকা দিয়ে পরিবারের জিম্মায় মুক্তি পেয়েছেন আলোচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও হবিগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজন।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
মুক্তি পাওয়া অন্য দু’জন হলেন- নুর হোসেনের ছেলে রাকিব আহমেদ রাজু এবং দক্ষিণ শ্যামলী এলাকার আব্দুল হামিদের ছেলে মির্জা সুমন।
এরআগে, সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদের সামনে থেকে মাহদী হাসানসহ তিনজনকে আটক করে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ। অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নিতে তারা সেখানে জড়ো হয়েছিলেন।
মুক্তির পর মাহদী হাসান অভিযোগ করে বলেন, সোমবার বিকেলে কোর্ট মসজিদ প্রাঙ্গণে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় পুলিশ তাদের অন্যায়ভাবে তুলে নিয়ে যায়। কোনো মামলা বা অভিযোগ ছাড়াই কেন তাদের আটক করে রাখা হয়েছিল, সে বিষয়েও তাদের কোনো কারণ জানানো হয়নি বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, সাধারণ মানুষের নিত্যদিনের দুর্ভোগ ও বিভিন্ন সংকটের প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে তারা সেখানে জড়ো হয়েছিলেন। কিন্তু কর্মসূচি শুরুর আগেই তাদের আটক করা হয়।
এদিকে, মাহদী হাসানসহ তিনজনকে প্রায় ২১ ঘণ্টা থানায় রাখার পর মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়ার বিষয়ে পুলিশের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
(সুরমামেইল/এমএকে)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি