সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৭
মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরের সড়কে যাত্রীবাহী অটোরিকশার উপর গাছ পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শ্রীমঙ্গলের সন্ধানী পাড়ার কেয়া পাল (২৭) ও সবুজভাগের চম্পা দেব (৩০)।
জানা যায়, কমলগঞ্জ থেকে শ্রীমঙ্গলগামী একটি অটোরিকশা জাতীয় উদ্যানের নূরজাহান এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে একটি গাছ অটোরিকশার ওপর পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই চম্পা দেব ও কেয়া পাল নামে দুই নারী যাত্রীর মৃত্যু হয়। আহত হন আরও তিনজন। তাদেরকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর প্রায় আধাঘন্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে বনকর্মীরা রাস্তা থেকে গাছ সরানোর পর যান চলাচল আবার স্বাভাবিক হয়।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বনসংরক্ষক মো. তবিবুর রহমান এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শ্রীমঙ্গল থানার ওসি মো. এ কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ও শ্রীমঙ্গল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি