সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৩
সুরমামেইল ডেস্ক :
বাংলাদেশ বৃহৎ শক্তিগুলোর ক্ষমতার প্রভাববলয়ের ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, এর জন্য দায়ী বর্তমান সরকার। তারা অবিবেচকের মতো দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা বলে বাংলাদেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।
শুক্রবার (০৮ সেপ্টেম্বর) মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা শুরুর আগে তিনি এ কথা বলেন।
ঢাকা সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যে বক্তব্য দিয়েছেন, তাকে ‘আশঙ্কাজনক’ উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসার পর থেকে তিনি যে বক্তব্য দিয়েছেন, তাতে একটা কথা স্পষ্ট হয়েছে, বাংলাদেশ বৃহৎ শক্তিগুলোর ন্যায্যতার লড়াইয়ে, তাদের ক্ষমতার প্রভাববলয়ের একটা ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতে চলেছে।
মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এখানে আরও বক্তব্য দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, সহসভাপতি ইয়াসমিন হক।
উল্লেখ্য, বৃহস্পতিবার দিল্লিতে জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার আগে সংক্ষিপ্ত সময়ের জন্য ঢাকা সফরে এসেছেন তিনি। এটি রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর।
বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বিমানবন্দর থেকে সের্গেই ল্যাভরভ রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে যান। সেখানে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
পরে সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেছেন, ‘যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর চাপের মুখেও বাংলাদেশ তার স্বতন্ত্র পররাষ্ট্রনীতি অটুট রেখেছে।’
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি