সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২২
নিজস্ব প্রতিবেদক :
সিলেট জেলা বিএনপির সম্মেলন পরবর্তী কাউন্সিলরদের ভোটে সভাপতি পদে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে সাবেক ছাত্রদল সভাপতি এমরান আহমদ চৌধুরী বিজয়ী হয়েছেন।
মঙ্গলবার (২৯ মার্চ) বেলা দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ পরবর্তী গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল গফফার।
কাউন্সিল অধিবেশনে ভোট দেন ১৮ ইউনিটের ১৮১৮ কাউন্সিলরের মধ্যে ১৫৬০ জন। তাদের গোপন ভোটের মাধ্যমে কমিটির তিন শীর্ষ নেতা নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে ৮৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক পদে ৭৯৮ ভোট পেয়ে বিজয়ী হন এমরান আহমদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. শামীম আহমদ ৬২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সিলেট জেলা বিএনপির কাউন্সিলে ৩ পদে লড়েছেন ৯ জন। সভাপতি পদে আব্দুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের চৌধুরী (শামীম), সাধারণ সম্পাদক পদে আ. ফ. ম কামাল, আলী আহমদ, অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী ও মো. আব্দুল মান্নান এবং সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট এম মুজিবুর রহমান মুজিব, লোকমান আহমদ ও মো. শামিম আহমদ। এবারের কাউন্সিলে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করেছিলেন। তবে কেন্দ্রের একরকম চাপে তিনি সংবাদ সম্মেলন করে প্রার্থিতা প্রত্যাহার করেন।
Design and developed by ওয়েব হোম বিডি