সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, আগস্ট ২, ২০১৬
সুরমা মেইল নিউজ : হবিগঞ্জের পল্লীতে এক ভিক্ষুকের পরিত্যক্ত ভূমি দখল করা নিয়ে দুই প্রভাবশালী ব্যক্তির লোকজনের সংঘর্ষে মহিলাসহ অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলা রাজিউড়া ইউনিয়নের আদর্শ গ্রামের ভিক্ষুক মো. নুর আলী (৬০) কিছুদিন ধরে জীবিকায়নের তাগিদে নিজের বসত ভিটে ফেলে বিভিন্নস্থানে ঘুরে ঘুরে ভিক্ষা করে ক্ষুধা নিবারণ করছেন। ভিক্ষুক নুর আলীর পরিত্যক্ত বাড়ির দিকে দৃষ্টি পরে একই গ্রামের প্রভাবশালী হেলাল মিয়া (৪০) ও নাছির মিয়া (৪০) এর। তারা বাড়িটি তাদের দখলে নেয়ার জন্য বিভিন্ন চেষ্টা চালিয়ে আসছেন।
সোমবার সকাল ১০টায় হেলাল মিয়া বাড়িটি তার দখলে নেয়ার জন্য কিছু বনজ গাছের চারারোপন করতে ওই বাড়িতে আসেন। হেলাল মিয়া কর্তৃক বাড়ি দখলের খবর জেনে একই সময় নাছির মিয়াও কিছু গাছের চারা নিয়ে বাড়িটি দখল করতে যান। দুই দখলবাজ মুখোমুখি হলে তাদের মাঝে বিরোধ দেখা দেয়।
এ নিয়ে উভয়ের মধ্যে দল পাকাপাকি শুরু হয়। এক পর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার লোকজন ঘটনাস্থলে এসে তাদের সংঘর্ষ নিয়ন্ত্রণ করে। এসময় সংঘর্ষে ১০ জন আহত হন।
Design and developed by ওয়েব হোম বিডি