সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২২
নিজস্ব প্রতিবেদক :
সামনে সুদিন আসবে জানিয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি সরকারের পালাবদলে দেশের কোনো পরিবর্তন হয়নি। তাই মানুষ এখন পরিবর্তন চায়। এ সময় তিনি জানান, আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দেবে।
বুধবার (১৬ মার্চ) সকালে সিলেটের একটি কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চায় না মন্তব্য করে জাপা মহাসচিব বলেন, জাতীয় পার্টির কারো সঙ্গে জোট নাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে আমাদের দল।
মুজিবুল হক চুন্নু আরও বলেন, দেশের পাঁচ কোটি মানুষ এখন বেকার। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে বেকার সমস্যার সমাধান করবে। উপজেলা পর্যায়ে স্বাস্থ্যখাতে উন্নয়ন করবে। মানুষের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের লক্ষ্যে কাজ করা হবে।
বর্তমান সরকারের আমলে দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতি, দুর্নীতি ও অনাচারের কড়া সমালোচনা করে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য জাতীয় পার্টির নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।
জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব এটিইউ তাজ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও যুগ্ম মহাসচিব সাহিদুর রফমান টেপা, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি প্রমুখ।
Design and developed by ওয়েব হোম বিডি