সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৩
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে ধর্ষণের অভিযোগে করা এক মামলা থেকে প্রায় দুই যুগ পর বেকুসুর খালাস পেয়েছেন দরছ মিয়া নামের ৮৬ বছর বয়সী বৃদ্ধ। এর এ মামলা পরিচালনা করতে গিয়ে জমি-জমা বিক্রি করে হয়েছে নিঃস্ব।
দরছ মিয়া বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের হরিশচন্দ্রপুর গ্রামের একজন কৃষক। তার ৫ ছেলে ও ৪ মেয়ে। রয়েছে ১২ জন নাতি-নাতনিও।
মামলা সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে ১৮ জুলাই হবিগঞ্জের বাহুবল উপজেলার হরিশচন্দ্রপুর গ্রামে ধর্ষণের অভিযোগে দরছ মিয়া, বুলু মিয়া ও ইমান উল্লাহকে আসামি করে এক নারী মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, ঘটনার দিন রাতে ওই নারী শৌচাগারে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে তিন আসামি তাকে ধরে নিয়ে ধর্ষণ করে। মামলায় অপর দুই আসামি শুরু থেকে পলাতক থাকলেও দরছ মিয়া আইনি লড়াই চালিয়ে যান।
প্রায় ২৪ বছর আইনি লড়াই শেষে গত মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকালে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সুদীপ্ত দাস এ মামলার দায় থেকে তিন আসামিকে বেকসুর খালাস দেন।
মামলা থেকে খালাস পেয়ে আনন্দে তার চোখ দুটো টলমল করছিল। এ প্রসঙ্গে দরছ মিয়া বলেন, মামলার বাদীর স্বামীর সঙ্গে আগে থেকে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। আমাকে ফাঁসানোর জন্য আমার বয়স তখন ৬২ বছর, সে সময় আমার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দেওয়া হয়।
তিনি আরও বলেন, দীর্ঘ দুই যুগ ধরে আমি আইনি লড়াই করতে গিয়ে জমিজমা বিক্রি করে একবারে নিঃস্ব হয়ে গেছি। আমার বয়স হয়েছে, মারা যাবো। মৃত্যুর আগে ন্যায় বিচার পেয়ে আমি সন্তুষ্ট।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হাসেম মোল্লা (মাসুম মোল্লা) বলেন, ১৯৯৯ সালে ধর্ষণের অভিযোগে করা মামলায় চিকিৎসক ধর্ষণের কোনও আলামত পাননি মর্মে প্রতিবেদন দেন। এ ছাড়া ১২ জন সাক্ষী সাক্ষ্য দেননি। ফলে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত দরছ মিয়াসহ তিন জনকে এ মামলা থেকে খালাস দিয়েছেন।
দরছ মিয়া জানান, প্রায় ২৪ বছর আইনি লড়াইয়ে আমি নি:স্ব হয়েছি ঠিক। কিন্তু আমাকে মিথ্যা মামলায় জড়িয়ে বাদী লতিফা বিবি ভালো নেই। এখন স্বামী হত্যা মামলায় ছেলে জুয়েলকে নিয়ে নিজেই পালিয়ে বেড়াচ্ছে।
(সুরমামেইল/এমএকে)
Design and developed by ওয়েব হোম বিডি