সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৩
সুরমামেইল ডেস্ক :
বৃহস্পতিবারের পরিবর্তে বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার (২৮ জুলাই)। জনদুর্ভোগের কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৬ জুলাই) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেন দলটির মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক মূল্যবোধে দৃঢ়ভাবে বিশ্বাসী বিএনপি শান্তিপূর্ণভাবে গণতন্ত্র পূণঃপ্রতিষ্ঠার চলমান আন্দোলনকে এগিয়ে নেয়ার লক্ষ্যে ২৭ জুলাই বৃহস্পতিবারের পরিবর্তে আগামী ২৮ জুলাই শুক্রবার-সাপ্তাহিক ছুটির দিনে বেলা ২টায় নয়াপল্টনে পূর্ব ঘোষিত মহাসমাবেশ অনুষ্ঠানের ঘোষণা দিচ্ছে।
এদিকে,২৭ জুলাইয়ের নির্ধারিত সমাবেশ এক দিন পিছিয়ে ২৮ জুলাই করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগও। শুক্রবার (২৮ জুলাই) বিকেল ৩টায় আগারগাঁওয়ে বাণিজ্য মেলার (পুরনো) মাঠে তাদের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
তিনি বলেন, আগারগাঁওয়ের বাণিজ্য মেলা মাঠটি সমাবেশের জন্য উপযোগী নয়। মাঠটিকে ব্যবহার উপযোগী করার জন্য একদিন সময় প্রয়োজন। এ জন্য আমাদের শান্তি সমাবেশ এক দিন পিছিয়ে ২৮ জুলাই শুক্রবার করা হয়েছে।
এরআগে রাত ৯টার দিকে আগারগাঁওয়ে অবস্থিত বাণিজ্য মেলার (পুরনো) মাঠটি পরিদর্শনে যান আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফারাজি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি