সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে স্ত্রীকে জন্মদিনের উপহার হিসেবে চাঁদে জমি কিনে দিয়েছেন এক বাঙালি যুবক। সঞ্জয় মাহাতো নামে ঐ যুবক সম্প্রতি ১০ হাজার রুপি দিয়ে জমিটুকু কিনেছিলেন। তিনি জানিয়েছেন, বিয়ের আগে স্ত্রীর কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে- একদিন আকাশের চাঁদ এনে দেবেন।
সম্প্রতি ভারতীয় চন্দ্রযান চাঁদে সফল অবতরণ করার পর চাঁদের জমি কেনার বিষয়ে আগ্রহী হয়ে ওঠেন সঞ্জয়। তিনি বিশ্বাস করেন, চাঁদের জমি উপহার দেওয়ার মাধ্যমে স্ত্রীর কাছে করা তার প্রতিজ্ঞা বাস্তব রূপ পেয়েছে।
সঞ্জয় বলেন, আমি আর আমার স্ত্রী বহু বছর ধরেই বিয়ের জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। অবশেষে গত এপ্রিলে আমরা বিয়ে করেছি। প্রতিজ্ঞা করেছিলাম, তাকে চাঁদ এনে দেব। আমি সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারিনি। কিন্তু এখন আমাদের বিয়ের পর তার প্রথম জন্মদিনে চিন্তা করলাম, চাঁদের একটি প্লট তাকে উপহার দিলে মন্দ হয় না।
সঞ্জয় জানান, এক বন্ধুর সহযোগিতায় ‘লুনা সোসাইটি ইন্টারন্যাশনাল’-এর মাধ্যমে চাঁদের জমিটুকু কিনেছেন। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে তার প্রায় এক বছর লেগেছে।
চাঁদের জমি কেনার স্বীকৃতি হিসেবে সঞ্জয়কে একটি দলিলও প্রদান করা হয়েছে। তিনি বলেন, আমি তার (স্ত্রী) জন্য চাঁদে এক একর জমি কিনেছি।
জমি কিনলেও চাঁদে তো আর সশরীরে যাওয়া যাচ্ছে না। তারপরও সঞ্জয় জানান, নিজেদের বাগানে বসে তার স্ত্রী যখন চাঁদের দিকে চেয়ে থাকেন তখন তিনি অন্যরকম অনুভূতি লাভ করেন। তাদের প্রেমের গল্পে এ বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ।
(সুরমামেইল/এফএ
Design and developed by ওয়েব হোম বিডি