সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৩
শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে প্রতিবছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। এবার হিন্দু ধর্মাবলম্বীদের দেবী দুর্গার মালিনি রূপে পূজা করা হয়েছে ৭ বছর বয়সী শিশু তন্নী চক্রবর্তী অন্নাকে। উপজেলার রঘুনাথপুর শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দিরে তাকে বসানো হয় দেবী দুর্গা রূপে।
রোববার (২২ অক্টোবর) বেলা ১টায় উপজেলার আশিদ্রোন ইউনিয়নের এ মন্দিরে কুমারীর বেদিতে আনা হয় তন্নীকে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী ওই বেদিতে দেবী দুর্গা রূপে পূজিত হয় সে। বয়স ও শাস্ত্রীয় বিধানমতে এবার দেবী দুর্গার মালিনি রূপে পূজা করা হয় তাকে।
তন্নী উপজেলার বনগাঁও গ্রামের নুপুর চক্রবর্তী ও অনুরাধা চক্রবর্তীর মেয়ে। সে প্রথম শ্রেণির শিক্ষার্থী।
পূজা আয়োজক কমিটির উপদেষ্টা অধ্যক্ষ নিখিল ভট্টাচার্য বলেন, কুমারী পূজা মূলত ১ বছর থেকে ১৬ বছর বয়সের কন্যা শিশুকে দেবী রুপে পূজা করা হয়ে থাকে এবং প্রতিবছরই দেবীর আলাদা আলাদা নাম নিয়ে এই পূজা করা হয়। সনাতন ধর্মালম্বীরা বিশ্বাস করে কুমারী পূজার মাধ্যমে দেবী দুর্গার কাছে আরাধনা করলে দেবী সেটা পূরণ করেন।
এদিকে সকাল থেকে কুমারী পূজা দেখতে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী ভিড় করেন এখানে।
(সুরমামেইল/এসএন)
Design and developed by ওয়েব হোম বিডি