সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক :
রাশিয়ার রাজধানী মস্কোর কাছে একটি কনসার্ট হলে মুখোশ পরা বন্দুকধারীদের হামলায় এ পর্যন্ত অন্তত ১৪৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৪০ এরও বেশি। এর মধ্যে গুলি চালানোর ঘটনায় চার সন্দেহভাজন বন্দুকধারীসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। খবর রয়টার্সের।
শুক্রবার (২২ মার্চ) এর এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। শুক্রবার সন্ধ্যায় মস্কোর ক্রোকাস সিটি হলে হামলার ঘটনা ঘটে। এ সময় বন্দুকধারীরা কনসার্ট হলে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি চালায়।
রাশিয়ার নিরাপত্তা প্রধানের বরাতে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ১১ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে চারজন সরাসরি জড়িত।
এ ঘটনায় রোববার রাশিয়ায় জাতীয় শোক ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পুতিন বলেন, চার বন্দুকধারীসহ ১১ জনকে আটক করা হয়েছে। আটকরা লুকানোর চেষ্টা করেছিল এবং তারা ইউক্রেনের সীমান্ত অতিক্রম করার প্রস্তুতি নিয়েছিল।
পুতিন বলেন, আমি আজ আপনাদের সঙ্গে রক্তাক্ত, বর্বর সন্ত্রাসী হামলা প্রসঙ্গে কথা বলছি, যার শিকার হয়েছে শতাধিক নিরীহ, শান্তিপ্রিয় মানুষ।
রাশিয়ার এফএসবি নিরাপত্তা সার্ভিস জানিয়েছে, হামলাকারীরা দেশ ছেড়ে পালানোর চেষ্টার আগে ইউক্রেনে নিজেদের লোকজনের সঙ্গে ‘সংযুক্ত’ ছিল। তাদের সীমান্তের কাছ থেকে ধরা হয়েছে। এখন আটককারীদের মস্কোতে স্থানান্তর করা হচ্ছে।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি