সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, মে ৩১, ২০২৫
পানিতে ডুবে নিহত দুই শিশু।
হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার চুনারুঘাট উপজেলায় পানিতে ডুবে প্রাণ হারিয়েছে ভাই ও বোন। শনিবার (৩১ মে) দুপুর ২টার দিকে উপজেলার মিরাশী ইউনিয়নের পশ্চিম বড়াব্দা (নালপাড়) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- সাদিয়া আক্তার (৭) ও নবিউর রহমান (৪)। তারা ওই গ্রামের আরজু মিয়ার সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে শিশু সাদিয়া ও নবিউর বাড়ির সামনের একটি পুকুর পাড়ে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত তারা ভাই-বোন পুকুরে পড়ে যায়। পরে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। একপর্যায়ে পুকুরে তাদের দেহ ভেসে উঠলে স্থানীয়রা শিশুদের উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে দুই সন্তানের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন তাদের বাবা আরজু মিয়া ও মা ওমেরা খাতুন। সন্তানদের হারিয়ে তাঁরা পাগলের মতো বিলাপ করছেন। হৃদয়বিদারক এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শিশুদ্বয়ের মৃত্যুতে এলাকার মানুষজনও শোকাহত হয়ে পড়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম। তিনি জানান, শনিবার দুপুরে খেলা করার সময় বাড়ির পাশের পুকুরে ডুবে মৃত্যু হয় তাদের।
(সুরমামেইল/এমএকে)
Design and developed by ওয়েব হোম বিডি