সিলেট ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। এতে সিলেটের ছয়টি সংসদীয় আসনের সংসদ সদস্য, মন্ত্রী ও দলটির বিভিন্ন পর্যায়ের হাজারো নেতাকর্মী অংশ নেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
নগরীর রেজিস্ট্রারি মাঠে মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। প্রধান বক্তা ছিলেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিলেট-২ আসনের সংসদ সদস্য মোছাঃ তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালিক, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এবং সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ। সমাবেশ পরিচালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সিলেটের ছয়টি সংসদীয় আসনের হাজারো নেতাকর্মী এতে অংশ নেন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি