সিলেট ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৬
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ৩ দিনে পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য ও গাঁজা জব্দ করেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি সূত্রে জানা যায়, গত ৩ দিনে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অভিযানিক দল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত হতে ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে বিপুল ভারতীয় টমেটো, কম্বল, ফুচকা ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করে।
এছাড়াও, চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বাজারটিলা নামক স্থান হতে ১০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে। জব্দকৃত মাদকদ্রব্য ও ভারতীয় অবৈধ পণ্যসমূহ যথাযথ আইনগত প্রক্রিয়ায় সংশ্লিষ্ট অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, মাদকের অনুপ্রবেশ প্রতিরোধ এবং সব ধরনের চোরাচালান দমনে বিজিবি সর্বদা তৎপর। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।
(সুরমামেইল/এমএকে)
Design and developed by ওয়েব হোম বিডি