সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, মে ২১, ২০১৬
সুরমা মেইল নিউজ : কুষ্টিয়া সদর উপজেলার বটতৈলে হোমিও চিকিৎসক সানাউল্লাহকে হত্যার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
আইএসের সহযোগী সংবাদ সংস্থা ‘আমাক’র এক বিবৃতিতে এ দায় স্বীকার করা হয়েছে বলে যুক্তরাষ্ট্রভিত্তিক জঙ্গিদের পর্যবেক্ষণ সাইট ইন্টেলিজেন্স গ্রুপ খবর দিয়েছে।
এতে আরবি ভাষায় বলা হয়েছে, বাংলাদেশের পশ্চিমাঞ্চলের জেলা কুষ্টিয়ায় খ্রিস্টধর্ম প্রচার করেন এমন এক চিকিৎসককে হত্যা করেছে ইসলামিক স্টেটের যোদ্ধারা। কুষ্টিয়ায় খ্রিষ্টধর্মীয় ভাবধারার সমর্থনে কাজ করায় আইএসের যোদ্ধারা এক চিকিৎসককে হত্যা করেছে বলে জানায় আইএসের সংবাদমাধ্যম আমাক।
শুক্রবার (২০ মে) সকাল ১০টার দিকে বটতৈল ইউনিয়নের শিশিরপাড়া মাঠ এলাকায় হামলার শিকার হন হোমিওপ্যাথিক চিকিৎসক মীর সানাউর রহমান ও তার বন্ধু ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুজ্জামান। কুষ্টিয়া সদরে বিআরবি ক্যাবলসের সামনে একদল দুর্বৃত্ত তাদের পথরোধ করে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সানাউরের মৃত্যু হয়।
সানাউরের বাসা কুষ্টিয়া শহরের মজমপুরে। শিশিরপাড়া মাঠ এলাকায় এক বাংলো বাড়িতে প্রতি শুক্রবার গরীব রোগীদের বিনা খরচে চিকিৎসা দিতেন তিনি।
কুষ্টিয়া থেকেই গত ১৫ মে শরিফুল ইসলাম ওরফে শিহাব নামে আনসারউল্লাহ বাংলা টিমের সন্দেহভাজন এক সদস্যকে পুলিশ গ্রেপ্তার করে, যাকে ঢাকার জুলহাজ মান্নান ও মাহবুব রাব্বী তনয় হত্যা মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে গত ফেব্রুয়ারিতে হরকাতুল জিহাদের (হুজি) কুষ্টিয়া অঞ্চলের প্রধানসহ ছয়জনকে গ্রেপ্তারের কথা জানায় গোয়েন্দা পুলিশ। কুষ্টিয়ার পাশের জেলা চুয়াডাঙ্গায় গত বছর ১০ ডিসেম্বর খুন হন স্থানীয় একটি বাউল উৎসবের আয়োজক জাকারিয়া সরদার। তাকেও একই কায়দায় কুপিয়ে হত্যা করা হয়।
তার আগে ২০১৪ সালের নভেম্বরে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন চৌদ্দপাই এলাকায় কুপিয়ে হত্যা করা হয় সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম লিলনকে। তিনিও একজন লালন ভক্ত ছিলেন।
বাংলাদেশে সম্প্রতি সন্দেহভাজন ইসলামি জঙ্গিদের হাতে একের পর এক সেক্যুলার ব্লগার, ইসলামের সমালোচনাকারী ব্যক্তিবর্গ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন খুন হচ্ছেন।
এর আগে এ ধরনের একাধিক খুনের দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আল-কায়েদার বাংলাদেশ শাখা এবং ইসলামিক স্টেট। তবে সরকারের পক্ষ থেকে এসব বিবৃতি নাকচ করে দেয়া হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি