সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৭
মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পানচাষি রিমন মিয়া (৩২) হত্যাকাণ্ডের ঘটনায় খাসিয়া ও গারো সম্প্রদায়ের লোকজন জড়িত বলে অভিযোগ ওঠায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে পুঞ্জির শিক্ষার্থীরা ভয়ে বিদ্যালয়ে যাচ্ছে না বলেও জানা গেছে।
এদিকে, হত্যাকাণ্ডের প্রতিবাদে এলাকায় সমাবেশ হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গতকাল শুক্রবার বিকেলে উপজেলার রাঙ্গিছড়া বাজারে গিয়ে এ ব্যাপারে স্থানীয় লোকজনের সঙ্গে মতবিনিময় করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রিমনের বাড়ি উপজেলা সদর ইউনিয়নের গুঁতগুঁতি গ্রামে। তিনি বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে পার্শ্ববর্তী কর্মধা ইউনিয়নে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে কিছু টিলাভূমি ইজারা নিয়ে তিন-চার বছর ধরে সেখানে পান চাষ করছিলেন। সোমবার সকালে পান জুমের কাছ থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় রিমনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত দেখা যায়। ওই দিন রাতে রিমনের বাবা এলাইছ মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কুলাউড়া থানায় হত্যা মামলা করেন।
খাসিয়া ও গারো সম্প্রদায়ের লোকজনের সঙ্গে পূর্ববিরোধের জের ধরে দুর্বৃত্তরা রিমনকে হত্যা করেছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। এদিকে গত ২৭ সেপ্টেম্বর একদল দুর্বৃত্ত কর্মধার মোকামবাড়ি পুঞ্জির পান জুমে ঢুকে একটি বড় গাছ কেটে ফেলে। এ সময় মোকামবাড়িসহ পার্শ্ববর্তী আমূলি পুঞ্জির লোকজন গিয়ে বাধা দিলে দুর্বৃত্তরা তাঁদের হুমকিধমকি দিয়ে গাছ নিয়ে চলে যায়। এরপর ২ অক্টোবর আমূলি পুঞ্জির লোকজন তাঁদের তিনটি জুমের সাড়ে তিন হাজার পানগাছের গোড়া কাটা দেখতে পান।
এ ব্যাপারে পুঞ্জির মন্ত্রী (পুঞ্জিপ্রধান) প্রত্যুষ আসাক্রা বাদী হয়ে ওই দিনই নিহত রিমন, বাবুল ও পলাশের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনের বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা করেন। গাছ চুরিতে বাধা দেওয়ার জেরে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রিমন হত্যাকাণ্ডের প্রতিবাদে ‘ঐক্যবদ্ধ এলাকাবাসীর’ ব্যানারে বুধবার বিকেলে কর্মধার রাঙ্গিছড়া বাজারে সমাবেশ হয়। সমাবেশে বক্তারা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয় মেঘাটিলা পুঞ্জির মন্ত্রী ও স্কুলশিক্ষক মণিকা খংলা বলেন, খাসিয়া ও গারো সম্প্রদায়ের লোকজনের একমাত্র জীবিকা পান চাষ। মেঘাটিলাসহ আশপাশের রাঙ্গিছড়া ও আমূলি পুঞ্জির ২০-২৫ জন শিক্ষার্থী সাত-আট কিলোমিটার পাহাড়ি পথ হেঁটে গিয়ে লক্ষ্মীপুর মিশন উচ্চবিদ্যালয়ে পড়ে। রিমন হত্যাকাণ্ডের পর রাস্তাঘাটে হামলার ভয়ে মঙ্গলবার থেকে এসব শিক্ষার্থী বিদ্যালয়ে যাচ্ছে না। এ ছাড়া পান কিনতে আসা ব্যবসায়ীদের পুঞ্জিতে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
এলাকাবাসী জানান, বিকেল সাড়ে চারটার দিকে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল ও কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা রাঙ্গিছড়া বাজারে যান।
ওসি মুঠোফোনে বলেন, রিমন হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয়, মতবিনিময়কালে সে ব্যাপারে এলাকার লোকজনকে সতর্ক থাকতে বলা হয়েছে। রিমনের হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। খাসিয়া ও গারোদের আতঙ্কের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Design and developed by ওয়েব হোম বিডি