সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, মে ৭, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার আকমল আলী তালুকদারসহ (৭৬) চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে এই মামলায় সাক্ষ্যগ্রহণ ও সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য আগামী ৪ জুলাই দিন ধার্য করা হয়েছে।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যর ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবুল কালাম। আসামীপক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সুবহান তরফদার।
এর আগে গত ১৭ এপ্রিল এই মামলায় অভিযোগ গঠনের জন্য ৭ মে দিন ধার্য় করেছিলেন ট্রাইব্যুনাল।
এই মামলার অন্য তিন আসামী হলেন- মৌলভীবাজারের রাজনগর উপজেলার আব্দুর নুর তালুকদার ওরফে লাল মিয়া (৬২), মো. আনিছ মিয়া (৭৬) ও মো. আব্দুল মোছাব্বির মিয়া।
এর মধ্যে মো. আকমল আলী তালুকদারকে ২০১৫ সালের ২৬ নভেম্বর গ্রেপ্তার করা হয়েছে। বাকি তিনজন পলাতক আছেন।
গত বছরের ৩০ মে ওই চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। একই বছরের ২৩ মার্চ তাদের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেন তদন্ত সংস্থা।
তদন্ত প্রতিবেদনে তাদের বিরুদ্ধে আনুমানিক ১০২টি পরিবারের ১৩২টি ঘরে লুটপাট ও অগ্নিসংযোগ, ছয়জনকে ধর্ষণ, সাতজনকে অপহরণ ও ৬১ জনকে হত্যার অভিযোগ আনা হয়।
Design and developed by ওয়েব হোম বিডি